Ilkay Gundogan: গুন্দোয়ান ফিরলেন ম্য়ানচেস্টার সিটিতে, বার্সেলোনার আর্থিক অবস্থাতেই বড় সিদ্ধান্ত
Ilkay Gundogan: ইলকায় গুন্দোয়ান প্রত্যাশামতোই ফিরলেন ম্যানচেস্টার সিটিতে। গত বছরই তিনি বার্সেলোনায় যোগ দিয়েছিলেন।
ম্যান সিটিতে প্রত্যাবর্তনের ফলে বার্সা আর্থিকভাবে লাভবান হবে। সেটা ভেবেই তৃপ্তি জার্মানির প্রাক্তন অধিনায়কের। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরও নিয়েছেন।
এর আগে ম্যান সিটিতে ৭ মরশুম কাটিয়েছেন গুন্দোয়ান। ১৪টি ট্রফি জয়েরও সাক্ষী থেকেছেন। ২০২২-২৩ মরশুমে তাঁর নেতৃত্বেই ম্যান সিটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জিতে ত্রিমুকুট সুনিশ্চিত করেছিল। আজই গুন্দোয়ানের পুরানো ক্লাবে ফেরার বিষয়ে সিলমোহর পড়ল।
বার্সেলোনার হয়ে গত মরশুমে গুন্দোয়ান ৫১টি ম্যাচ খেলেছেন, যে নজির তাঁর সতীর্থদেরও নেই। জার্মানির এই মিডফিল্ডার সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচটি গোল করেছেন, ১৪টি অ্যাসিস্ট রয়েছে। গোলের সুযোগ (১৩২) তৈরি করার নিরিখেও তিনি সকলের চেয়ে এগিয়ে, যার মধ্যে ৯৭টিই লা লিগায়।
দানি ওলমোর সঙ্গে বার্সার ৬০ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে বলে খবর। কিন্তু বার্সেলোনাকে আর্থিক প্রতিবন্ধকতাও সামলাতে হচ্ছে। গুন্দোয়ান পুরানো ক্লাবে ফেরায় এই দিক দিয়ে কিছুটা স্বস্তি পেল স্পেনের ক্লাব। তাঁর ম্যান সিটিতে ফেরার পিছনে আর্থিক কারণ যে রয়েছে সেটাও স্পষ্ট করেছেন গুন্দোয়ান নিজেই।
গুন্দোয়ান লিখেছেন, এই ক্লাবে নয়া উত্তেজক চ্যালেঞ্জ নিতেই এসেছিলাম। আমি প্রস্তুতও ছিলাম। কিন্তু এক বছর পরই বিদায় জানাতে হচ্ছে। নতুন অভিযানে সতীর্থদের সবরকম সহযোগিতার লক্ষ্য নিয়ে কঠিন মরশুমে ক্লাবের হয়ে নিজের সেরাটা দিয়েছি।
গুন্দোয়ানের কথায়, কঠিন পরিস্থিতিতেই ক্লাব ছাড়তে হচ্ছে। যদিও আমার এই সিদ্ধান্তের ফলে ক্লাব আর্থিকভাবে উপকৃত হবে। এটাই আমার দুঃখ কিছুটা লাঘব করছে। বার্সায় খেলা আমার লক্ষ্য ছিল। বার্সার স্মৃতি ও অভিজ্ঞতা আমি চিরকাল মনে রাখব। এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। বার্সা ফের বিশ্বের সেরা ক্লাব হবে, এমন শুভেচ্ছাও জানালেন গুন্দোয়ান।













Click it and Unblock the Notifications