কলকাতায় এসে আবেগতাড়িত সুনীল, ফিরে গেলেন কলকাতা ময়দানে কাটানো দিনগুলিতে
কলকাতায় এসে আবেগতাড়িত সুনীল, ফিরে গেলেন কলকাতা ময়দানে কাটানো দিনগুলিতে
কলকাতা তাঁকে ভরিয়ে দিয়েছে। ভারতীয় ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জার্সিতে খেলেই তিনি প্রতিষ্ঠা পেয়েছে। ভারতীয় ফুটবলের 'মক্কা' কলকাতায় কাটিয়েছেন দীর্ঘ সময়। ময়দানের ফেলে আসা সেই দিনগুলি আজও সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যায় সুনীল ছেত্রীকে।

ভারতীয় দলের অধিনায়কের কাছে কলকাতা এখন বাড়ির মতোই। দিকপাল ফুটবলার সুব্রত ভট্টচার্যের মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ফলে কলকাতার জামাই তিনি। এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ খেলতে শহরে এসেচেন ভারতীয় দল।
সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে কলকাতায় কাটানো তাঁর স্মৃতির কথা জিজ্ঞাসা করা হলে সুনীল বলেন, "বহু সুখ স্মৃতি জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। এখান থেকেই আমার কেরিয়ার শুরু হয়েছে। কলকাতা ময়দানের স্বাদ আমি পেয়েছি, যা আমার কাছে বিশেষ একটা অনুভূতি। আমি এখানে বিবাহিত এবং অসাধারণ এক পরিবার রয়েছে। কলকাতায় থাকা মানে আমি নিজের বাড়িতেই রয়েছি।"

পাশাপাশি সুনীল এ দিন জানিয়েছেন, দেশের কোনও ফুটবলার এক বার কলকাতায় না খেললে তাঁর কেরিয়ার সম্পূর্ণ নয়। তিনি বলেছেন, "আমি সব সময় বলি আপনি দেশের যে কোনও ক্লাবে, যে কোনও জায়গায় খেলুন, কিন্তু আপনি যদি কলকাতায় খেলার স্বাদ না পেয়ে থাকেন তা হলে ফুটবলার হিসেবে আপনি পরিপূর্ণ নন। সমর্থকরা ভালবাসা উজাড় করে দেয় এখানে। বাংলা ভাষায় প্রথম ভালবাসা এবং প্রথম কটুক্তি এখানেই আমি শুনেছিলাম।"
তৃতীয় বার এএফসি এশিয়ান কাপ খেলার সামনে দাঁড়িয়ে রয়েছেন সুনীল ছেত্রী। ২০১১ সালে সুনীল প্রথম বার এএফসি এশিয়ান কাপে খেলেন। দ্বিতীয় বার তিনি খেলেন ২০১৯ সালে। এই নিয়ে পরপর দু'বার এশিয়া ফুটবলে সর্বোচ্চ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার হাতছানি ভারতের সামনে। দলের প্রস্তুতি সম্পর্কে সুনীল বলেছেন, "এটাই আমাদের প্রধান লক্ষ্য। দলের অন্দরের মুড ভাল রয়েছে। ধীরে ধীরে সকলে ফিট হয়ে উঠছে। একে অপরকে বোঝার চেষ্টা করছে। প্রচুর প্রতিভা উঠে আসছে। ভাল বিষয় হল প্রত্যেকেই ক্ষুধার্থ। আমাদের নিজেদের সেরাটাই দিতে চাই।" কলকাতায় খেলাটা গোটা দলের কাছে একটা বাড়তি সুবিধা তা স্বীকার করে নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক। ৮ জুন এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এই পর্বে ভারতকে খেলতে হবে আফগানিস্তান, কম্বোডিয়া এবং হংকং-এর বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications