আই লিগ : পিছিয়ে পড়েও বেঙ্গালুরু এফসিকে ২-১ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল
বারাসত স্টেডিয়ামে আই লিগের ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল বেঙ্গালুরু এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড।
কলকাতা, ২২ জানুয়ারি : বারাসত স্টেডিয়ামে আই লিগের ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল বেঙ্গালুরু এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড।
এদিন ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল লাল হলুদ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হোম ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে আই লিগ তালিকায় দ্বিতীয় স্থানে চলে গেল ট্রেভর জেমস মর্গ্যানের ছেলেরা।

বেঙ্গালুরুকে প্রথমার্ধের ২২ মিনিটে গোল করে এগিয়ে দেন সিকে বিনীত। তবে তার তিন মিনিটের মাথায় লালরিন্ডিকা রালতের বাড়ানো পাসে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে ১-১ করেন ইভান বুকেনিয়া।
ম্যাচের প্রথমার্ধে বেশ ছন্দেই ছিল বেঙ্গালুরু এফসি। তবে মেহতাব হোসেন ও সুনীল ছেত্রী দুজনেই কার্ড দেখেন। এরপর থেকেই বেঙ্গালুরুর ছন্দপতন শুরু হয়। দ্বিতীয়ার্ধে আমিরভের জায়গায় মর্গ্যান রবীন সিংকে নামালে ইস্টবেঙ্গলের খেলা খুলে যায়।
তবে ফরোয়ার্ডে উইলিস প্লাজা অনেকগুলি সহজ গোলের সুযোগ নষ্ট করেন। ত্রিনিদাদ ও টোবাগোর এই খেলোয়াড় ৫টি সহজ গোলের সুযোগ ছাড়েন। প্রথম একঘণ্টাতেই ৩ গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল।
শেষ লগ্নে যখন মনে হচ্ছিল ঘরের মাঠে পয়েন্ট হাতছাড়া করেই মাঠ ছাড়তে হবে লাল-হলুদকে, তখনই আমিরভের জায়গায় নামা রবীন সিং প্রতি আক্রমণে অসাধারণ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। সবার আগে ১২ পয়েন্টে শীর্ষে রয়েছে মোহনবাগান। এদিকে এদিন আই লিগের এবছরের সবচেয়ে খারাপ খেলা খেলে হার মানতে হল বেঙ্গালুরু এফসিকে।












Click it and Unblock the Notifications