আই লিগে জয়ে ফিরল মোহনবাগান, শিবাজিয়ান্সকে হারাল ৩-১ গোলে
বড় ম্যাচে গোলশূন্য ড্রয়ের পরে আই লিগে জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান। বলবন্ত সিংয়ের জোড়া গোলে ডিএসকে শিবাজিয়ান্সকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : বড় ম্যাচে গোলশূন্য ড্রয়ের পরে আই লিগে জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান। বলবন্ত সিংয়ের জোড়া গোলে ডিএসকে শিবাজিয়ান্সকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। ফলে লিগ তালিকায় গোল পার্থক্য পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও এক নম্বরে থাকা চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের সঙ্গে পয়েন্ট সমান করে ফেলল সঞ্জয় সেন ব্রিগেড।
এদিন ম্যাচের ৩৩ মিনিটের মাথায় ঘরের মাঠে ডিএসকে শিবাজিয়ান্সের মিলন সিংয়ের গোলে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মোহনবাগান। তবে ৪২ ও ৪৪ মিনিটে পরপর দুটি গোল করে বাগানকে এগিয়ে দেন বলবন্ত সিং।

এরপরে ম্যাচের ৮৯ মিনিটের মাথায় বাগানের হয়ে তিন নম্বর গোলটি করেন মাঝমাঠের অন্যতম ভরসা কাতসুমি ইউসা। এই ম্যাচে জেতার ফলে ৯ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রইল মোহনবাগান। এদিকে শিবাজিয়ান্স দল ১০ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।
এই মুহূর্তে ৯ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে আই লিগ শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানও সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট রয়েছে। তবে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আইজল রয়েছে ১৭ পয়েন্টে তৃতীয় স্থানে। বেঙ্গালুরু এফসি ৯ ম্যাচে ১৩ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে। লাজং এফসি-ও ১৩ পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications