I League ডার্বি : মশাল নিভিয়ে ২-১ ব্যবধানে জয়ী পালতোলা নৌকা
শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের সেকেন্ড হোম গ্রাউন্ডে মশাল নিভিয়ে আই লিগ জেতার দৌড়ে এগিয়ে গেল সঞ্জয় সেনের সবুজ মেরুন ব্রিগেড। এদিন ট্রেভর জেমস মর্গ্যানের ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান।
শিলিগুড়ি, ৯ এপ্রিল : শিলিগুড়িতে ইস্টবেঙ্গলের সেকেন্ড হোম গ্রাউন্ডে মশাল নিভিয়ে আই লিগ জেতার দৌড়ে এগিয়ে গেল সঞ্জয় সেনের সবুজ মেরুন ব্রিগেড। এদিন ট্রেভর জেমস মর্গ্যানের ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে মোহনবাগান। একেরপর এক আক্রমণে তখন জেরবার ইস্টবেঙ্গল ডিফেন্স। এমন সময়ে ম্যাচের ৩৫ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক পায় মোহনবাগান। তা থেকে অনবদ্য গোল করেন বাগানের হাইতি মিডফিল্ডার সনি নর্ডি। অনবদ্য শটে বল জড়িয়ে দেন জালে। ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

তারপরও অবশ্য মোহনবাগানের আক্রমণ বজায় ছিল। ম্যাচের ৪৩ মিনিটের মাথায় মাঝমাঠের ডানদিক থেকে উঠে দুজনকে কাটিয়ে ডানপায়ের অনবদ্য শটে গোল করে মোহনবাগানকে ২-০ গোলে এগিয়ে দেন আজহারউদ্দিন মল্লিক।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি দলই গোল করার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ম্যাচের ৯৩ মিনিটের মাথায় রলিন বর্জেস ব্যবধান কমান। ট্রেভর জেমস মর্গ্যান নানাভাবে চেষ্টা করলেও সঞ্জয় সেনের দলের গোলের অভিমুখ খুলতে পারেননি। ফলে এবারের মতোও ১-২ ব্যবধানে হেরে মর্গ্যানকে আই লিগ জয়ের দৌড়ে থেকে খালি হাতে ফিরতে হচ্ছে।
এদিনের ম্যাচের আগে বিকেলে বেঙ্গালুরু এফসির কাছে ০-১ গোলে হেরে গিয়েছে আইজল এফসি। ফলে ১৫ ম্যাচ খেলে আজললের পয়েন্ট ৩০। এদিকে এক ম্যাচ কম খেলে মোহনবাগান ২৯ পয়েন্টে দাঁড়িয়ে। ইস্টবেঙ্গলও ১৫ ম্যাচ খেলে ২৭ পয়েন্টে দাঁড়িয়ে রইল। মোহনবাগান আই লিগ জিততে পারে কিনা তা সময়ই বলবে, তবে ইস্টবেঙ্গলের এবারের মতো অভিযান শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications