East Bengal: কুয়াদ্রাতের ক্লাসে যোগ দিলেন হেক্টর, পিয়ারলেসকে গুরুত্ব দিচ্ছেন বিনো জর্জ
ডুরান্ডের ব্যর্থতা অতীত। ইস্টবেঙ্গলের লক্ষ্য এবার আইএসএল এবং এএফসি কাপ। গত বুধবার শিলং লাজংয়ের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় নিতে হয়েছে লাল হলুদকে। গতবার রানার্স হলেও এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল। বৃহস্পতিবার বিশ্রামে কাটিয়ে শুক্রবার নতুন লক্ষ্যে মাঠে নেমে পড়ল ইস্টবেঙ্গল।
শুক্রবার লাল হলুদ অনুশীলনে যোগ দিলেন হেক্টর ইয়েস্তে। গত মরশুমে মোহনবাগান এসজি রক্ষণকে নির্ভরতা দিয়েছিলেন, কিন্তু তাঁকে এবার দলেই রাখেনি সবুজ মেরুন শিবির। স্প্যানিশ ডিফেন্ডার মোহনবাগানের প্রতিপক্ষ শিবিরে নাম লিখিয়েছেন। শিলংয়েই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন হেক্টর। তবে কলকাতায় ফিরে লাল হলুদ জার্সিতে অনুশীলন শুরু করলেন হেক্টর।

কিন্তু হেক্টরের আগমনের দিনেই কিছুটা সমস্যা পড়তে হল কার্লেস কুয়াদ্রাতকে। আইএসএল এবং এএফসি কাপের প্রস্তুতিতে তিনি বেশ কয়েকদিনের জন্য পাবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিজাজিকে । জাতীয় দলে ডাক পেয়েছেন লাল হলুদের বিদেশি। আগামী ২৭ অগস্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে জর্ডন। আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আগে এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন জর্ডনের কোচ। ফলে হিজাজিকে দেশে ফিরে যেতে হবে।
এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে ভুটানের ক্লাব পারো এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস, লেবাননের নেজমাহ এফসি। এসিএল অধ্যায় সমাপ্ত হওয়ার পর এবার লাল হলুদের ফোকাসে এএফসি। এই টুর্নামেন্টে শুরুতে কিছুটা সহজ গ্রুপে আছে ইস্টবেঙ্গল।
শনিবার কলকাতা লিগে ফের মাঠে নামছে লাল হলুদ। ঘরের মাঠে প্রতিপক্ষ পিয়ারলেস। এই দলটিকে গুরুত্ব দিচ্ছেন কোচ বিনো জর্জ। তিনি জানিয়েছেন, পিয়ারলেস আমাদের গ্রুপের অন্যতম শক্তিশালী দল, তাই আগামীকালের ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হতে চলেছে। সুপার সিক্সে যাওয়ার আগে আমরা গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ জিততে চাই। আমাদের দলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।
কলকাতা লিগে দুরন্ত ছন্দে আছে লাল হলুদ। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২৫।












Click it and Unblock the Notifications