FIFA World Cup 2022: কবে কাদের বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল, সফলতম দলের সম্পর্কে জেনে নিন বিভিন্ন তথ্য
কবে কাদের বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল, সফলতম দলের সম্পর্কে জেনে নিন বিভিন্ন তথ্য
বিশ্বকাপ ২০২২-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে চূড়ান্ত ড্র-এর ফলাফল ঘোষণা হওয়া সঙ্গে। অন্তিম ল্যাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ড্র-এর ফলাফল প্রকাশের সঙ্গেই একটা বড় অংশের ফুটবলপ্রেমী খোঁজ খবর শুরু করেছে, ব্রাজিলকে নিয়ে। কোন গ্রুপে পড়লেন নেইমাররা, কোথায় কবে কাদের বিরুদ্ধে তাদের ম্যাচ, এগুলিই আলোচনার কেন্দ্রে। এই প্রতিবেদনে ব্রাজিলের সমর্থকদের সেই সকল প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করা হল।

অপেক্ষাকৃত সহজ গ্রুপে ব্রাজিল:
বিশ্বকাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা রয়েছে গ্রুপ 'জি'-তে। এই গ্রুপে ব্রাজিল ছাড়াও রয়েছে সার্বিয়া, সুইৎজারল্যান্ড এবং ক্যামেরুন।

গ্রুপে ব্রাজিলের ম্যাচ:
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) লুসেইল স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে সার্বিয়ার। চার দিন পর গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হলুদ জার্সিধারীরা। স্টেডিয়াম ৯৭৪-এ ২৮ নভেম্বর (সোমবার) সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। ২ ডিসেম্বর (শুক্রবার) গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন।

ব্রাজিলের সম্পর্কে অন্যান্য তথ্য:
ব্রাজিল ছাড়া বিশ্বকাপ কল্পনাও করা যায় না। ২০০২ সালে শেষ বার ব্রাজিল বিশ্বকাপে জয়ের ধ্বজা উড়িয়ে ছিল। দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বকাপের মঞ্চে চলে আসা ইউরোপীয় দলগুলির দাপাদাপি এই বিশ্বকাপেই বন্ধ করে দিতে চায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মার্চে প্রকাশিত ফিফা ক্রমতালিকায় শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল। কনমেবলেও তাদের অবস্থান শীর্ষে। বিশ্বকাপে মোট পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। বিশ্বকাপে তারা অংশ নিয়েছে মোট ২১ বার (শেষবার: রাশিয়া ২০১৮)।
সদ্য সমাপ্ত কনমেবল বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী পর্বে চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ১৪টি জয় এবং ৩টি ম্যাচ ড্র করেছে তারা।

নজর রাখতে হবে যাঁদের দিকে:
নিঃসন্দেহে এই বিশ্বকাপে ব্রাজিলের সমর্থকদের নজর থাকবে নেইমারের দিকে। নেইমারের পাশাপাশি নজর রাখতে হবে মার্কুইনহস এবং ভিনিসিয়াস জুনিয়রের দিকে।












Click it and Unblock the Notifications