আবেগঘন পোস্টে এসসি ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা 'সেভজিৎ' দেবজিতের
ইনভেস্টরের সঙ্গে চুক্তি সংক্রান্ত ডামাডোল অব্যাহত লাল হলুদে। এসসি ইস্টবেঙ্গল আদৌ আইএসএল খেলতে পারবে কিনা, কিংবা পারলেও কতটা শক্তিশালী দল গড়তে পারবে তা নিয়ে জল্পনা রয়েছেই। এরই মধ্যে নারায়ণ দাসের পর গোলকিপার দেবজিৎ মজুমদারকে তুলে নিয়ে লাল হলুদের গোলে বল জড়াল চেন্নাইন এফসি।

আজ দুপুরেই ফেসবুক পোস্টে আবেগঘন বার্তায় ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা করেছেন দেবজিৎ। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, দেবজিৎ যোগ দিচ্ছে চেন্নাইন এফসিতে। ইতিমধ্যেই এসসি ইস্টবেঙ্গলের নারায়ণ দাস ও এটিকে মোহনবাগানের সালাম রঞ্জন সিং যোগ দিয়েছেন দু-বারের চ্যাম্পিয়ন দলে। ফেসবুক বার্তায় দেবজিৎ মজুমদার লিখেছেন, এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। গত মরশুমে সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তাতে সকলকে ধন্যবাদ। গত মরশুমে আইএসএল হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে, ফলে দর্শকদের উপস্থিতি গ্যালারিতে যে মিস করেছেন সে কথাও জানাতে ভোলেননি দেবজিৎ। টিম ম্যানেজমেন্ট, কোচ, সতীর্থ ও সাপোর্ট স্টাফদের ধন্য়বাদ জানিয়ে দেবজিৎ লেখেন, তাঁদের সমর্থন পাওয়াতেই প্রতি ম্যাচে নিজের সেরাটা দিতে পেরেছি। এসসি ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা জানিয়ে দেবজিৎ লেখেন, আমি আসন্ন মরশুমে নতুন চ্য়ালেঞ্জ নিতে চলেছি।
কালীঘাট মিলন সংঘ, ইউনাইটেড সিকিমের হয়ে খেলার পর ২০১১ সালে যোগ দেন ইস্টবেঙ্গলে। পরের বছরই চলে যান ভবানীপুর ক্লাবে। ২০১৪ সালে ভবানীপুর থেকে তিনি সই করেন মোহনবাগানে। ২০১৫ সালে লোনে মুম্বই সিটি এফসি-র হয়ে আইএসএল খেলেন। ২০১৬ সালে মোহনবাগান থেকেই লোনে আতলেতিকো দে কলকাতার হয়ে আইএসএলে অংশ নেন। ২০১৭ সাল থেকে ২০২০ অবধি ছিলেন এটিকে-তে। ২০১৯-২০ মরশুমে লোনে মোহনবাগানে খেলার পর গত বছরই এটিকে যোগ দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল। কিন্তু চুক্তি সংক্রান্ত ডামাডোলে এবার এসসি ইস্টবেঙ্গলের আইএসএল খেলা অনিশ্চিত। সে কারণেই দেবজিৎ বাধ্য হয়ে লাল হলুদ ছাড়লেন বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে কাল চেন্নাইন এফসি দেবজিৎকে নেওয়ার ঘোষণা আনুষ্ঠানিকভাবে করতে পারে।












Click it and Unblock the Notifications