Euro 2020 : হাঙ্গেরির বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র, ফ্রান্সের নক আউট পৌঁছনোর অপেক্ষা আরও এক ম্যাচের
Euro 2020 : হাঙ্গেরির বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র, নক আউট পৌঁছনোর অপেক্ষায় ফ্রান্স
বুদাপেস্টে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও হাঙ্গেরির বিরুদ্ধে ড্র করে ফ্রান্সের নক আউট পৌঁছনোর রাস্তা দীর্ঘ হল। ১-১ ফলাফলে শেষ হল মোকাবিলা। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে পৌঁছেও শেষ ১৬ রাউন্ডে পৌঁছতে পারল না বিশ্ব চ্যাম্পিয়নরা। এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে হাঙ্গেরি।

ইউরো কাপে এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ফ্রান্স শনিবারের ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তারের চেষ্টা করে। কিলিয়ান এমবাপে, করিম বেনজেমা এবং অঁতোয়ান গ্রিয়েজমানকে সামনে খেলিয়ে ৪-৩-৩ ছকে দল সাজান কোচ দিদিয়ে দেশঁ। ফলে হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলে দেয় ফ্রান্স।
অন্যদিকে ৩-৫-২ ছকে নেমে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে থাকে হাঙ্গেরি। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে যায় ফ্রান্স। জার্মানির মতো এদিনও মাঝমাঠ থেকে বল তৈরি করতে থাকেন পল পগবা। দুই দিকের উইং ধরে ঝড়ের গতিতে হাঙ্গেরির রক্ষণভাগে লাগাতার আক্রমণ শানাতে থাকেন এমবাপে ও গ্রিজম্যান। তবে শত চেষ্টা করেও প্রথমার্ধে গোল করতে পারেনি ফ্রান্স। উল্টে প্রতি আক্রমণে উঠে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক উগো লরিসকে পরাস্ত করে বিশ্ব চ্যাম্পিয়নদের ধাক্কা দেন হাঙ্গেরির মিডফিল্ডার আতিলা ফিওলা। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় ফ্রান্সকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ দেওয়ার মরিয়া প্রচেষ্টা চালাতে থাকে ফ্রান্স। কখনও হাঙ্গেরি গোলরক্ষক তো কখনও রক্ষণভাগের ফুটবলারদের পায়ের জঙ্গলে আটকে পড়ছিলেন এমবাপে, গ্রিজম্যান, বেনজেমারা। ফলে সফলতা পেতে ৬৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। আরও একবার চকিত গতিতে বল নিয়ে হাঙ্গেরির ডি বক্সে ঢুকে পড়েন এমবাপে। হাঙ্গেরির এক ডিফেন্ডার তাঁকে কভার করতে গিয়ে ব্যর্থ হন। এমবাপের বাড়ানো বল অন্য এক হাঙ্গেরি ডিফেন্ডারের পায়ে লেগে অরক্ষিত অঞ্চলে গিয়ে পড়ে। সেই বল জালে জড়াতে বিন্দুমাত্র দ্বিধা করেননি ফাঁকায় থাকা গ্রিজম্যান।
🇭🇺 When you score against the world champions...
— UEFA EURO 2020 (@EURO2020) June 19, 2021
🥳 Scenes in Budapest! #EURO2020 pic.twitter.com/0OQwGFqsvu
গোল শোধ দেওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ফ্রান্স। পল পগবা, করিম বেনজেমা, উসমান দেম্বেলের মতো তারকাদের তুলে নেওয়ার পরও ফরাসি আক্রমণে ফালাফালা হতে থাকে হাঙ্গেরির ডিফেন্স। বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন দুর্দান্ত দক্ষতায় ঠেকান হাঙ্গেরির গোলরক্ষক। কখনও দলের ডিফেন্ডাররা কোনও মতে এমবাপেদের পা থেকে বল কেড়ে নিতে সক্ষম হন। মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে ফ্রান্সের ডিফেন্ডারদের সমস্যায় ফেলার চেষ্টা করে হাঙ্গেরি। তাতে লাভের লাভ হয়নি। কারণ শেষ ২০ মিনিটে ম্যাচের রাশ চলে গিয়েছিল ফ্রান্সের এক্তিয়ারে। তবে ম্যাচে জয়সূচক গোলটি আদায় করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ফ্রান্সকে।












Click it and Unblock the Notifications