ম্যানচেস্টার ইউনাইটেড এবার কলকাতায়, এটিকের কোচ পদে প্রাক্তন ম্যান ইউ তারকা
হাবাস, মোলিনা পেরিয়ে এবার কলকাতা ফুটবলে স্প্যানিশ নয় ইংলিশ হাওয়া। এ মরশুমে আইএসএলে কলকাতা ফ্রাঞ্চাইজির দায়িত্ব সামলাবেন ম্যান ইউয়ের প্রাক্তন স্ট্রাইকার।
হোসে মোলিনা আউট। টেডি শেরিংহ্যাম ইন। অ্যাটলেটিকো ডি কলকাতা-র এই মরশুমে কোচের দায়িত্বে এলেন টেডি। গত মরশুমে এটিকে -কে চ্যাম্পিয়ন করলেও কোচ পদে আর মোলিনাকে রাখল না আইএসএলের কলকাতা ফ্রাঞ্চাইজি।

এবার কলকাতায় হাজির ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার টেডি শেরিংহ্যাম। ৫১ বছরের টেডি ইউরোপিয় ফুটবলে বেশ হেভিওয়েট নাম। ইংলিশ ফুটবল যাঁরা নিয়মিত দেখেন তাঁদের কাছে টেডি-র নাম নতুন নয়। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ ট্রেবলের স্বাদ চেখেছিল। সেবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গোল করেছিলেন টেডি শেরিংহ্যাম।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও শেরিংহ্যাম টটেনহ্যাম হস্পার, ওয়েস্ট হ্যামের মত ইংলিশ ক্লাবগুলিতেও চুটিয়ে খেলেছেন। ফুটবলার জীবনের শেষে ম্যানেজমেন্টে ঢোকেন টেডি। ২০১৪-১৫ সালে ওয়েস্টহ্যামে কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। এরপর কিন্তু চতুর্থ ডিভিসন ক্লাব লিগ টু-র কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দলের খারাপ পারফরমেন্সের কারণে তাঁকে বসিয়ে দেওয়া হয়। তবে ওয়েস্টহ্যাম তাঁর কোচিংয়ে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলত, কলকাতা ফ্রাঞ্চাইজি ফ্যানরাও তাই আশায় বুক বাঁধতে পারেন। টেডির আমলে আইএসএলে আক্রমণের ধার বাড়াবে কলকাতা।
এদিকে দলের টিডি -র দায়িত্ব নেওয়া ওয়েস্টউডও ম্যানচেস্টার অ্যাকাডেমির স্নাতক। ফলে টেডি শেরিংহ্যামের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে কোনও অসুবিধা হবে না মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications