আজ থেকে শুরু বিশ্বকাপ, নজরে মেসি, রোনাল্ডো, নেইমার, বালোতেলিরা

এ বারের বিশ্বকাপের প্রথম আকর্ষণ অবশ্যই আর্জেন্টিনার লিওনেল মেসি। পেলে থেকে দিয়েগো মারাদোনা, অনেকেই বলছেন এই বিশ্বকাপে মেসি চমক দেবেন। বলে রাখা ভালো, আগামী ২৫ জুন ২৭ বছরে পা দিচ্ছেন মেসি। এই একই বয়সে ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মারাদোনা। ভক্তদের আশা, মেসিও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন।
মেসি ছাড়াও আর যাঁরা নজরে রয়েছেন, তাঁরা হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, মারিও বালোতেলি এবং আরজেন রবিন। কিছুদিন আগে পর্যন্তও পায়ের চোট নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এখন অবশ্য ফিট। পর্তুগালের শেষ প্র্যাক্টিস ম্যাচে খেলেছেন। গোল না করলেও ফিরে এসেছে সেই পুরনো গতি। এ বছরই ফিফার বর্ষসেরা ফুটবলার ঘোষিত হয়েছেন। সবুজ মখমলি মাঠে বল পায়ে দুরন্ত গতিতে কখন ছুটবেন তিনি, সেই অপেক্ষায় আকুল ভক্তরা।
ব্রাজিলের তারকা নেইমারকে ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। গত বছর কনফেডারেশন কাপে বুঝিয়ে দিয়েছেন যে, কত বড় জাদু আছে তাঁর পায়ে। এ বার ব্রাজিলের মিডফিল্ড থেকে ডিফেন্স, দু'টোই মজবুত। তাই সতীর্থদের সাহায্যে বিপক্ষকে চূর্ণ করে দিতে বেশি সময় লাগবে না নেইমারের।
মারিও বালোতেলি আর ইতালি টিম যেন এখন সমর্থক! একটু পাগলাটে ফুটবলার হিসাবে তাঁর বদনাম আছে। সে যাই হোক, মাঠে তিনি অনবদ্য। ফর্মে থাকলে বিপক্ষকে নাকের জলে-চোখের জলে করে দিতে পারেন। তবে, বালোতেলির ঘনিষ্ঠরা বলছেন, মাঠে মাথাই ঠান্ডা থাকবে তাঁর। কারণ প্রেমিকা ফ্যানির সঙ্গে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। ফ্যানি চলে এসেছেন ব্রাজিলে। ফলে প্রেমিকা মাঠে থাকলে ইমেজ বাঁচাতেই মাথা ঠান্ডা রাখতে হবে বালোতেলিকে!
আর যাঁর কথা না বললে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়, তিনি হলেন আরজেন রবিন। নেদারল্যান্ডসের এই খেলোয়াড় খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। কিছুদিন আগে চোট পেয়ে বসে গিয়েছিলেন। জল্পনা ছিল, বিশ্বকাপে খেলতে পারবেন তো! সেই আশঙ্কা কাটিয়ে স্বমহিমায় ফিরেছেন তিনি। তাই তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস।












Click it and Unblock the Notifications