Football Transfer: রাকিপ ও নিশুকে ধরে রাখল ইমামি ইস্টবেঙ্গল, কার সঙ্গে কত বছরের চুক্তি?
Football Transfer: ইমামি ইস্টবেঙ্গল ধরে রাখল দুই ফুল-ব্যাক মহম্মদ রাকিপ ও নিশু কুমারকে। এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি নবীকরণের কথা এদিনই জানানো হয়েছে।
রাকিপ আরও দুই মরশুম লাল হলুদে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নিশুর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল আর এক মরশুমের জন্য।

ইতিমধ্যেই ক্লেটন সিলভাকেই অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। নিশুকে গত বছর কেরালা ব্লাস্টার্স এফসি থেকে লোনে নিয়েছিল লাল হলুদ। তাঁর সঙ্গে চুক্তি হয়েছে আসন্ন মরশুমের শেষ পর্যন্ত। রাকিপ লাল হলুদ জার্সি গায়ে খেলার সিদ্ধান্ত নিলেন ২০২৫-২৬ মরশুম অবধি।
ক্লাবের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, গত মরশুমে রাকিপ ও নিশু দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে কলিঙ্গ সুপার কাপে। আমি আসার আগে অবধি রাকিপ খেলার বেশি সুযোগ পাচ্ছিলেন না। আমি তাঁকে যে সুযোগ দিয়েছি তার পূর্ণ সদ্ব্যবহার করে রাকিপ নিজেকে উন্নত করে তুলেছেন।
বয়স অল্প। সঠিক গাইডেন্সে রাকিপকে ডিফেন্স ও অ্যাটাকে আরও কার্যকরী করে তুলতে চান কুয়াদ্রাত। নিশু ইমামি ইস্টবেঙ্গলে আসার আগে বেঙ্গালুরু এফসিতে কুয়াদ্রাতের কোচিংয়ে খেলেছেন। কুয়াদ্রাত মনে করছেন, তখনকার মতো ছন্দেই ফিরে আসছেন নিশু। সে কারণে জাতীয় দলেও ডাক পেয়েছেন।
কলিঙ্গ সুপার কাপেও নিশুর খেলায় খুশি কুয়াদ্রাত। রক্ষণ আগলানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে অ্যাসিস্টের মাধ্যমেও নিশু দলকে সাহায্য করেছেন। ফলে তাঁকে ধরে রাখতে পেরে খুশি কুয়াদ্রাত।
রাকিপ ২০২২ সালে লাল হলুদে যোগ দেন। কলকাতা প্রিমিয়ার লিগে ৩৮টি ম্যাচ খেলেছেন। কলিঙ্গ সুপার কাপে পাঁচটি ম্যাচেই রাইট-ব্যাক রাকিপকে রেখে দল সাজিয়েছিলেন কুয়াদ্রাত। তাঁর খেলায় ভালো গতি রয়েছে। আইএসএলে খেলেছেন ১৯টি ম্যাচে।
রাকিপের কথায়, ইস্টবেঙ্গলে আমার সেরা খেলাটা বের করে আনার ক্ষেত্রে সহায়ক হয়েছে। কোচ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ পর্যাপ্ত খেলার সুযোগ দেওয়ার জন্য। আমি ক্লাবকে ভালোবাসি। সমর্থকদেরও। সেরাটা দেওয়ার ধারা অব্যাহত রাখাই আমার লক্ষ্য।
২৬ বছরের নিশু গত মরশুমে ইস্টবেঙ্গলের সর্বাধিক অ্যাসিস্ট করার রেকর্ড নিজের দখলে রেখেছেন। কলিঙ্গ সুপার কাপের চারটি ও আইএসএলের ২০টি ম্যাচে তিনি সতীর্থদের দিয়ে ৫টি গোল করিয়েছেন। লেফট-ব্যাক ও রাইট-ব্যাকে খেলতে সমান পারদর্শী। গত মরশুমেই আইএসএলে ১০০টি ম্যাচ খেলার নজির গড়েছেন নিশু। কোচ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর উপর ফের আস্থা রাখার জন্য। কলিঙ্গ সুপার কাপ জয়কে আজীবন উপভোগ করার কথা জানিয়ে নিশু বলেছেন, আসন্ন মরশুমে দলকে সাফল্য এনে দিতে তিনি বদ্ধপরিকর।












Click it and Unblock the Notifications