মহানগরে মারাদোনা, ‘দাদা বনাম দিয়েগো’ উন্মাদনায় ফুটছে বাংলার ফুটবলপ্রেমীরা
অবশেষে সব জটিলতা কাটিয়ে ফের কলকাতায় এলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। এটা তাঁর দ্বিতীয় কলকাতা সফর। এই সফরে বহু প্রতিক্ষীত দাদা বনাম দিয়েগো প্রদর্শনী ম্যাচ এবার স্রেফ সময়ের অপেক্ষা।
মহালয়ার সময় 'ফুটবল-ঈশ্বরে'র কলকাতার মাটিতে পা রাখার কথা ছিল। কিন্তু তাঁকে নিয়ে আশা-আশঙ্কার দোলাচল তৈরি হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে ফের কলকাতায় এলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। এটা তাঁর দ্বিতীয় কলকাতা সফর। এই সফরে বহু প্রতিক্ষীত দাদা বনাম দিয়েগো প্রদর্শনী ম্যাচ এবার স্রেফ সময়ের অপেক্ষা।

রবিবার সন্ধ্যায় কলকাতায় পা রাখেন ফুটবলের রাজপুত্র। দুবাই থেকে তিনি উড়ে আসেন দমদম বিমানবন্দরে। সেই কারণে দুপুরের পর থেকেই বিমান বন্দর ঘিরে ফেলা হয় নিরাপত্তার বেষ্টনীতে। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। তাঁকে দেখতে বিমান বন্দরে উৎসাহ-উন্মাদনা ছিল দেখার মতো। ভিড় সমালাতে হিমশিম খেতে হয় পুলিশ-প্রশাসনকে। তিনি গাড়িতে ওঠার আগে ফ্লাইং কিস ছুড়ে দেন তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে। অনুরাগীরা 'দিয়েগো-দিয়েগো' চিৎকারে মুখরিত করে তোলে দমদম বিমানবন্দর।

সূচি অনুযায়ী কলকাতায় নিজের মোমের মূর্তির উন্মোচন করবেন তিনি। হল অফ ফেম অনুষ্ঠানেও তিনিই হবেন মধ্যমণি। এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে বারাসতে প্রদর্শনী ম্যাচও খেলবেন ফুটবল-ঈশ্বর। তাঁর এই কলকাতা আসা নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল। প্রতিবারই তিনি বিভিন্ন ব্যক্তিগত কাজের জন্য কলকাতা সফর বাতিল করেন। অবশেষে হঠাৎ করেই রবিবার তিনি কলকাতায় আসবেন বলে সম্মত হন। এবং একপ্রকার চুপিসারেই তিনি নেমে পড়েন সংস্কৃতির শহরে।

বিমানবন্দর থেকে তিনি সটান চলে যান রাজারহাটে এক পাঁচতারা হোটেলে। তিনি রাতে এই হোটেলেই থাকবেন। সোমবার সকাল থেকে তাঁর নির্দিষ্ট ক্রীড়াসূচি শুরু হচ্ছে। প্রথমে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাবেন তিনি। সেখানে তিনি ক্যানসার আক্রান্তদের উৎসাহ দেবেন, নতুন করে বাঁচার প্রেরণা জোগাবেন। তারপর যাবেন স্পনসরদের অনুষ্ঠানে। সবশেষে ইকো পার্কে তাঁর সম্মানে ডিনার আয়োজিত হবে। হবে হল অফ ফেম অনুষ্ঠান।

তিনদিনের সফরের দ্বিতীয় দিনেই মূল আকর্ষণ। এদিনই ফুটবলের জাদুকরকে প্রথম ফুটবল খেলতে দেখবেন বাঙালি ফুটবলপ্রেমী ও অনুরাগীরা। বারাসত স্টেডিয়ামে তাঁর পায়ের জাদু দেখে আশ মেটাবেন তাঁরা। তবে সম্প্রতি তাঁর হাতে অস্ত্রোপচার হয়েছে। কতক্ষণ তিনি মাঠে থাকবেন, তা নিয়ে সন্দেহ রয়েই যায়। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করবেন।












Click it and Unblock the Notifications