Serie A: খেলা চলাকালীন মাঠে লুটিয়ে পড়লেন ফুটবলার, প্রার্থনায় ফুটবল মহল, বন্ধ হল ম্যাচ
ফুটবল মাঠে আবারও উদ্বেগ এবং বেদনার চিত্র, কয়েক বছর আগে ইউরো কাপের ম্যাচে খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন, মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ডেনমার্কের এই ফুটবলার। রবিবার রাতে সেই একই ঘটনা ঘটল সিরি এ ম্যাচ চলাকালীন।
ইতালির ক্লাব ফিওরেন্তিনার মিডফিল্ডার এদোয়ার্দো বোভ ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন। খেলার বয়স তখন মাত্র ১৫ মিনিট, দেখা গেল মাঠের মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়লেন ফিওরেন্টিনার ২২ বছর বয়সী ফুটবলার এদোয়ার্দো বোভ। রেফারি খেলা তখনই থামিয়ে দেন, বোভের দিকে ছুটে আসেন সতীর্থরা। মিলানের খেলোয়াড়রাও পাশে দাঁড়ান তাদের।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে বোভ হাসপাতালে আছেন। ২৪ ঘণ্টা পর শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে। এই ঘটনার জেরে ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটবলারের পরিবার ও ক্লাবের পক্ষ থেকে সবাইকে প্রার্থনা করার আহ্বান জানানো হচ্ছে। সিরি 'এ' কর্তৃপক্ষ জানায় খেলার নতুন সময়সূচি জানানো হবে পরে।
এই ঘটনায় জেরে ভেঙে পরেন বোভের সতীর্থরা। তারা মাঠের মধ্যেই মুখে হাত দিয়ে বসে যান, অনেকের চোখে জল দেখা গেল। এমনকি প্রতিপক্ষ দলের ফুটবলারাও ঘটনার জেরে স্তম্ভিত হয়ে যান।
শুধু ইতালির ফুটবল প্রেমীরাই নন, একইসঙ্গে সারা বিশ্বের ফুটবল সমর্থকরাই বোভের জন্য প্রার্থনা করছেন। দ্রুত সুস্থ হয়ে খেলার মাঠে ফিরুন বোভ।
চলতি বছরের অগাস্ট মাসে এসিরোমা থেকে ধারে ফিওরেন্টিনায় এসেছিলেন বোভ। গত অক্টোবরে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলও পেয়েছিলেন তিনি। ইতালির অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন বোভ, সিনিয়র দলে এখনও সুযোগ হয়নি বোভের।
এরআগে এরিকসনও মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ফুটবলে ফিরেছেন, বোভও একইরকম ভাবে মৃত্যুকে হারিয়ে আবার খেলার মাঠে ফিরবেন প্রার্থনায় গোটা বিশ্ব।












Click it and Unblock the Notifications