মোহনবাগান দিবসেই বড় ঘোষণা, সবুজ মেরুনেই রয় কৃষ্ণ
১৯১১ সালে আজকের দিনেই খালি পায়ে খেলে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। সেই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর পালিত হয় মোহনবাগান দিবস। আর এদিনই করা হল বড় ঘোষণা।
মোহনবাগান দিবস
গতবারের মতো এবারও করোনা পরিস্থিতিতে বড় কোনও অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। ক্লাবের কর্তা ও কর্মসমিতির সদস্যরা পতাকা উত্তোলন করেন। এ বছর মোহনবাগান রত্নে ভূষিত করা হয়েছে শিবাজী বন্দ্যোপাধ্যায়। সত্তরের শেষ থেকে আশির দশকের প্রথমার্ধে সবুজ মেরুনের তিন কাঠির নীচে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলা হত পেনাল্টি বাঁচানোর রাজা। এদিন সেই সম্মান গ্রহণ করতে ক্লাব তাঁবুতে এসেছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, পুত্র ও পুত্রবধূ।
|
রেট্রো জার্সি
এ বছর মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার, ক্রিকেটার ও অ্যাথলিটের পুরস্কার পেয়েছেন যথাক্রমে রয় কৃষ্ণ, অভিমন্যু ঈশ্বরন ও বিদিশা কুণ্ডু। এদিন শিল্ড জয়ের অমর একাদশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এগারোর শিল্ড জয়ের জার্সির রেট্রো জার্সি প্রকাশ করা হল। ২০ অগাস্ট থেকে তা অ্যামাজনে অর্ডার করে পেয়ে যাবেন মোহনবাগান সমর্থকরা।
|
রয় কৃষ্ণ থাকছেন
এদিকে, এদিনই এটিকে মোহনবাগানের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে রয় কৃষ্ণর বিবৃতি। রয় কৃষ্ণ নিয়ে এই নিয়ে টানা তিন বছর তিনি কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়েই আইএসএলে খেলবেন। ২০১৯ সালে এটিকে এবং গত বছর এটিকে-মোহনবাগানের হয়ে খেলে ফুটবলপ্রেমীদের নয়নের মণি হয়ে উঠেছেন ৩৩ বছরের এই ফিজিয়ান স্ট্রাইকার। এটিকে মোহনবাগান হুগো বুমোসকে নেওয়ায় রয় কৃষ্ণ মুম্বই সিটিতে যেতে পারেন বলেও জল্পনা ছিল। কিন্তু তিনি বলেছেন, আজকের বিশেষ দিনে এটা জানাতে পেরে আমি গর্বিত যে আমি সবুজ-মেরুন জার্সিতেই খেলব। আশা করি, এতে সভ্য-সমর্থকরা খুশি হবেন এবং তাঁদের সমর্থন বরাবরের মতো এবারও পাব। এ বছর ভারতে এসে খেলার ব্যাপারে দ্বিধায় ছিলাম করোনা পরিস্থিতির কারণে। কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট আমার ও পরিবারের সকলের সুরক্ষার আশ্বাস দেওয়ায় নতুন চুক্তিতে সই করলাম।

পরবর্তী লক্ষ্য
২০১৯-২০ মরশুমে ২১টি ম্যাচে ১৫ গোল করে এটিকে-কে তৃতীয়বারের জন্য আইএসএল খেতাব জেতাতে বড় ভূমিকা নেন রয় কৃষ্ণ। গত বছর আইএসএলে ২৩ ম্যাচে ২২ গোল করে গোল্ডেন বল পুরস্কার পান। এবার বুমোসের পাশাপাশি ইউরো খেলা জনি কাউকোকে নিয়েছে এটিকে মোহনবাগান। আগামী মাসে এএফসি কাপের জন্য প্রস্তুতি শিবিরও শুরু হয়ে গিয়েছে। কৃষ্ণ বলেছেন, এই প্রথম আমি এএফসি কাপে খেলব। সব টিমই এই প্রতিযোগিতায় নামবে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে। সব ম্যাচ জেতার চেষ্টা করে পরের রাউন্ডে পৌঁছানোই আমাদের লক্ষ্য। এশিয়ার অন্যতম সেরা ক্লাব হিসেবে এটিকে মোহনবাগানকে তুলে ধরতে আমাদের সকলেই বদ্ধপরিকর থাকবেন, আমরা ভালোই করব।












Click it and Unblock the Notifications