ইতিহাস গড়ে এই প্রথমবার বিশ্বকাপে খেলতে নামছে পানামা
রাশিয়ায় এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে মধ্য আমেরিকার ছোট্ট দেশ পানামা।
ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকী। বিশ্বকাপের আসরে খেলতে নামা ৩২টি দেশই প্রস্তুতির শিখরে রয়েছে। আর রাশিয়ায় এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে মধ্য আমেরিকার ছোট্ট দেশ পানামা। আগে ২০ বারের প্রচেষ্টায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পানামা। এবার অবশেষে ভাগ্যের শিঁকে ছিঁড়েছে।

এবার ৩২টি দেশকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল পরের রাউন্ডে যাবে। সেখান থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে, ৪টি দল সেমি ফাইনালে ও ২টি দল শেষ অবধি ফাইনাল খেলবে।
পানামা এবার গ্রুপ জি-তে রয়েছে। তাঁদের খেলতে হবে বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিশিয়ার মতো দলগুলির সঙ্গে। এর মধ্যে ইংল্যান্ড ও বেলজিয়াম নিঃসন্দেহে অত্যন্ত কঠিন প্রতিপক্ষ।
পানামার সেরা খেলোয়াড়রা হলেন রোমান টোরেস, জেইমে পেনেডো, হোসে লুইস রডরিগেস। দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন এরনান দারিও গোমেস।
এবারের বিশ্বকাপে যতগুলি দল খেলছে, তার মধ্যে পানামা দলের খেলোয়াড়দের গড় বয়স সবচেয়ে বেশি। কোচ গোমেসের উপরে সবচেয়ে বেশি নজর রয়েছে। তিনি ১৯৯৮ সালে কলম্বিয়াকে ও ২০০২ সালে ইকুয়েডরকে বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন।
যে গ্রুপে পানামা রয়েছে, সেই গ্রুপ জি থেকে পরের রাউন্ডে তাদের পক্ষে যাওয়া খুব কঠিন। তবে বিশ্বকাপের মঞ্চে কিছুই অসম্ভব নয়। ইংল্যান্ড বাদে বাকী দুটি দলের বিরুদ্ধে পানামা অঘটন ঘটিয়ে দিতেই পারে।












Click it and Unblock the Notifications