FIFA World Cup 2030: ২০৩০ সালের বিশ্বকাপ ৩ মহাদেশের ৬ দেশে, অভিনব ঘোষণা ফিফার
FIFA World Cup 2030: ফিফা কাউন্সিলের চমকপ্রদ সিদ্ধান্ত। ২০৩০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি মহাদেশের ৬টি দেশে। এই বিশ্বকাপ আয়োজনে একযোগে আগ্রহ দেখিয়েছিল মরক্কো, পর্তুগাল ও স্পেন।
এই তিনটি দেশই হবে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ। তবে শতবর্ষের বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে আরও তিনটি দেশে। আর্জেন্তিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ।

আয়োজক দেশ হিসেবে মরক্কো, পর্তুগাল ও স্পেনের ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ খেলাও নিশ্চিত হয়ে গেল ফিফা কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তের ফলে। ২০২৪ সালের ফিফা কংগ্রেসে বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে। উরুগুয়েতে হয়েছিল প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপের শতবর্ষে তাই বিশেষ অনুষ্ঠান হবে উরুগুয়ের মোন্তেভিদেওয়ে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশকে ফুটবলের মাধ্যমে একত্রিত করে ফিফা। বিশ্বকাপের শতবর্ষের উদযাপন তাই হবে দক্ষিণ আফ্রিকার তিনটি দেশে। তিনটি জায়গায় একটি করে অর্থাৎ বিশ্বকাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই তিন দেশে।

মোন্তেভিদেওয়ের এস্তাদিও সেন্টেনারিওতে বিশ্বকাপের শতবর্ষের সেলিব্রেশন হবে বলে জানিয়েছে ফিফা। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনে আফ্রিকা ও ইউরোপের সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন ঘটিয়ে মরক্কো, পর্তুগাল ও স্পেনের জয়েন্ট বিডের বিষয়টিও সুনিশ্চিত হয়েছে। এই বিষয়টিও কার্যত নজিরবিহীন।
২০৩৪ সালের বিশ্বকাপের বিডিং প্রসেস কীভাবে চলবে তা নিয়েও আলোচনা হয়েছে। ওই বিশ্বকাপ আয়োজনে আগ্রহী দেশগুলিকে ফিফার নিয়ম মেনে বিড করতে বলা হয়েছে। সৌদি আরব ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী বলে জানা গিয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে মহিলাদের বিশ্বকাপ আয়োজন সফলভাবে আয়োজনের পর অস্ট্রেলিয়াও ওই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে ঝাঁপাবে।
২০৩০ সালের বিশ্বকাপে ৪৮টি দেশ থাকবে। ১০৪টি ম্যাচ হবে। উরুগুয়ে, আর্জেন্তিনা ও প্যারাগুয়েতে ম্যাচ হওয়ার পর বাকি ম্যাচগুলি হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। ২০২৬ সালের বিশ্বকাপেই প্রথমবার থাকবে ৪৮টি দেশ। সেই বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।












Click it and Unblock the Notifications