ফিফা বিশ্বকাপ জিতলে মিলবে কী পরিমাণ অর্থ? একনজরে বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান
কাতারে ফুটবলের বিশ্বকাপ শুরু হচ্ছে নভেম্বরের ২০ তারিখ। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপটি হয়েছিল। এবারের বিশ্বকাপে আটটি গ্রুপে রয়েছে মোট ৩২টি দল। বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে খেলবে কাতার, বিশ্বকাপে অংশগ্রহণকারী ৮০তম দেশ হিসেবে।

বিশ্বকাপের ২২তম সংস্করণ কাতারে
প্রথম বিশ্বকাপটি হয়েছিল উরুগুয়েতে ১৯৩০ সালে। সেবার আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। এরপর ১৯৩৪ ও ১৯৩৮ সালে বিশ্বকাপ হলেও ১৯৪২ ও ১৯৪৬ সালে হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। ফের বিশ্বকাপ শুরু হয় ১৯৫০ থেকে। ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে। ২২তম বিশ্বকাপের আসর ২০২২ সালে বসছে কাতারে, মধ্য-প্রাচ্যে আরব দেশে এবারই প্রথম।

কোন দল কতবার জিতেছে?
বিশ্বকাপ জিতেছে আটটি দেশ। ব্রাজিল জিতেছে ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)। চারবার করে জিতেছে জার্মানি (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪) ও ইতালি (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬)। আর্জেন্তিনা (১৯৭৮ ও ১৯৮৬), ফ্রান্স (১৯৯৮ ও ২০১৮) এবং উরুগুয়ে (১৯৩০ ও ১৯৫০) জিতেছে ২ বার করে। ইংল্যান্ড (১৯৬৬) ও স্পেন (২০১০) একবার করে বিশ্বকাপ জিতেছে।

গড় বয়স বেশি মেসিদের
কাতার বিশ্বকাপে আর্জেন্তিনা দলের গড় বয়স সবচেয়ে বেশি (২৭.৭)। সবচেয়ে কম গড় বয়স নিয়ে বিশ্বকাপ অভিযানে নামছে আমেরিকা, এই দেশের ফুটবলারদের গড় বয়স ২৪.৫। কাতার শহরের আয়তন ১১,৫৮১ বর্গ কিলোমিটার। যা নিউ ইয়র্কের মেট্রোপলিটন এরিয়ার সমান। ফলে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে কাতার।
|
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এবারের বিশ্বকাপ দেখবেন বলে মনে করা হচ্ছে, সেই সংখ্যাটা হতে পারে ৫ বিলিয়ন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে খেলার রেকর্ডটি রয়েছে আইসল্যান্ডের দখলে। ২০১৮ সালে আইসল্যান্ড বিশ্বকাপ খেলেছিল, তখন সে দেশের জনসংখ্যা ছিল ৩ লক্ষ ৩৪ হাজার। কোনও বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি রয়েছে ফ্রান্সের জুস্তো ফোঁতেনের দখলে। তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে ১৩টি গোল করেছিলেন। খেলা শুরুর পর সবচেয়ে কম সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার রেকর্ডটি রয়েছে উরুগুয়ের জোস বাতিস্তার। ১৯৮৬ সালে স্কটল্যান্ড ম্যাচে গর্ডন স্ট্রাচানকে মারাত্মক ফাউল করে তিনি লাল কার্ড দেখেন খেলা শুরুর ৫৬ সেকেন্ডের মাথায়। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন মিরোস্লাভ ক্লোসে (Miroslav Klose)। ২০০২ থেকে ২০১৪ সালের বিশ্বকাপ পর্যন্ত তিনি ১৬টি গোল করেছেন।

পুরস্কারমূল্য বৃদ্ধি
২০১৮ সালের বিশ্বকাপের তুলনায় কাতার বিশ্বকাপে পুরস্কারমূল্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার বাড়ানো হয়েছে। ফলে তা দাঁড়িয়েছে ৪৪০ মিলিয়ন মার্কিন ডলারে। বিজয়ী দল পাবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৪৪ কোটি টাকা)। রানার-আপ পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২৪৫ কোটি টাকা)। তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২৭ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২২০ কোটি টাকা)। চতুর্থ স্থানাধিকারী দল পাবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২০৪ কোটি টাকা)। পঞ্চম থেকে অষ্টম স্থানাধিকারী দল পাবে ১৭ মিলিয়ন মার্কিন ডলার করে (ভারতীয় মুদ্রায় ১৩৮ কোটি টাকা)। নবম থেকে ১৬তম দলের প্রাইজমানি রাখা হয়েছে ১৩ মিলিয়ন মার্কিন ডলার করে, যা ভারতীয় মুদ্রায় ১০৬ কোটি টাকা। ১৭ থেকে ৩২ নম্বরে থাকা দল পাবে ৯ মিলিয়ন মার্কিন ডলার করে, ভারতীয় মুদ্রায় যা ৭৪ কোটি টাকা। গত বিশ্বকাপে বিজয়ী ফ্রান্স পেয়েছিল ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, রানার-আপ ক্রোয়েশিয়া পেয়েছিল ২৮ মিলিয়ন মার্কিন ডলার।












Click it and Unblock the Notifications