কাতার বিশ্বকাপে অধিনায়কত্ব করার কথা ছিল, পায়ের চোট ছিটকে দিল সেনেগালের তারকাকে
কাতারের ফিফা বিশ্বকাপে দেখা যাবে না আরও এক তারকাকে। বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। তা যে গুরুতর, প্রথমে বোঝা যায়নি। যদিও গতকাল সেনেগারের তারকা সাদিও মানের পায়ে অস্ত্রোপচার হয়েছে। ফলে বিশ্বকাপের কয়েকটি ম্যাচে খেলার যে আশাটুকু ছিল, তাও শেষ।

বিশ্বকাপের কোয়ালিফায়ারে দুরন্ত ছন্দে ছিলেন সাদিও মানে। আফ্রিকার চ্যাম্পিয়নরা বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পথে হারিয়ে দিয়েছিল মহম্মদ সালাহ-র মিশরকে। আফ্রিকার দু-বারের বর্ষসেরা সাদিও মানে সেনেগালকে এবারের বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বলেও স্থির ছিল। সেই মানে ছিটকে যাওয়ায় বিশ্বকাপ অভিযানে নামার আগে বড় ধাক্কা খেল সেনেগাল।
৩০ বছরের সাদিও মানের অপারেশন হয়েছে অস্ট্রিয়ার ইন্সব্রুকে। ডান পায়ের ফিবুলা হাড়ের উপরের দিকে একটি টেন্ডনকে যথাস্থানে আনা হয়েছে এই অস্ত্রোপচারের মাধ্যমে। ৮ নভেম্বর বায়ার্ন মিউনিখের হয়ে ওয়ের্ডার ব্রেমেনের বিরুদ্ধে জার্মান লিগের ম্যাচ খেলতে গিয়ে চোট পান মানে। বায়ার্নের সহকারী কোচ ডিনো টপমোয়েলার জানিয়েছিলেন, মানের পায়ে চোট লেগেছে। তাঁর স্নায়ুতে সে কারণে যন্ত্রণা রয়েছে। তাঁর চোট তেমন গুরুতর নয়। বিশ্বকাপে খেলতেও অসুবিধা হবে না। যদিও সেনেগারের তারকা ফরওয়ার্ডের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পরবর্তীকালে বায়ার্নের বিবৃতি। কয়েক দিন পর মিউনিখেই তাঁর রিহ্যাব শুরু হবে বলে জানিয়েছে বায়ার্ন।
সেনেগাল দলের চিকিৎসক ম্যানুয়েল আফোন্সো জানিয়েছেন, যতটা দ্রুত মানে সুস্থ হবেন বলে মনে করা হচ্ছিল, সেটা যে আর হবে না তা এমআরআই রিপোর্ট দেখেই বোঝা গিয়েছে। সে কারণেই মানেকে বিশ্বকাপে পাওয়া যাবে না। সেনেগাল দলের প্রায় সকলেই গত রবিবার পৌঁছে গিয়েছেন কাতারে। মানে যে প্রথম দিকের কিছু ম্যাচ খেলতে পারবেন না, সেটাও বোঝা গিয়েছিল। তবে একেবারেই যে তিনি খেলতে পারবেন সেটা আগাম আঁচ করা যায়নি।
সেনেগাল সোমবার গ্রুপ-এ-তে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রথমে এই ম্যাচটিই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে বলে ঠিক ছিল। পরে প্রথা মেনে আয়োজক দেশ কাতারের ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরুর কথা চূড়ান্ত হয়। ২৫ নভেম্বর সেনেগাল খেলবে কাতারের বিরুদ্ধে। গ্রুপ পর্যায়ে তাদের শেষ ম্যাচ ২৯ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে সেনেগাল আফ্রিকান কাপ জেতে। মিশরের বিরুদ্ধে যে প্লে অফ সেনেগালকে বিশ্বকাপে পৌঁছে দিয়েছিল সেই ম্যাচে জয়সূচক পেনাল্টি নিয়েছিলেন মানে। মানের উপস্থিতিতে সেনেগাল দলটিকে এবারের বিশ্বকাপে আফ্রিকার সেরা দল বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications