কাতার বিশ্বকাপে মাঠের বাইরেও দৃষ্টান্ত স্থাপন জাপানের, সৌদি আরবের জয়ে কীভাবে অনুপ্রাণিত গোটা দল?
ফিফা বিশ্বকাপে প্রথম অঘটনটি ঘটিয়েছিল সৌদি আরব। আর্জেন্তিনার বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে। একইভাবে জার্মানি-বধ সেরেছে জাপান। অনেক বিশেষজ্ঞ অবশ্য 'অঘটন' শব্দে আপত্তি জানাচ্ছেন। তাঁদের মতে, এই শব্দটি ভালো খেলে জয় পাওয়ার কৃতিত্বকে খাটো করে দিচ্ছে! তবে জাপান প্রশংসা কুড়াচ্ছে মাঠের বাইরে অনবদ্য দৃষ্টান্ত রেখে।
|
দৃষ্টান্ত স্থাপন জাপানের
চলতি বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডর ম্যাচের শেষে গ্যালারি পরিষ্কার করতে দেখা গিয়েছিল জাপানের ফুটবলপ্রেমীদের। এবার যে এই ধরনের ঘটনা আরও দেখা যাবে তা স্পষ্ট হয়েছে গতকাল। গতকালও জাপান-জার্মানি খেলা শেষের পর জাপানের ফুটবলপ্রেমীরা একইভাবে খলিফা স্টেডিয়ামের গ্যালারিতে জমে থাকা নোংরা-আবর্জনা পরিষ্কার করার কাজে লাগে পড়েন। শুধু তাই নয়, জাপান দল স্টেডিয়াম ছাড়ার আগে লকার রুম বা ড্রেসিংরুমকেও সাজিয়ে গুছিয়ে রেখে যায়। সবকিছু পরিপাটি করে যথাস্থানে রাখা। সেই ছবি শেয়ার করে জাপান ফুটবল দল ও জাপানের ফুটবলপ্রেমীদের প্রশংসা করেছে ফিফা। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও এভাবেই সাফাইয়ের কাজ করেছিলেন জাপান-ভক্তরা। সেবার জাপান নক আউটেও পৌঁছায়।

স্মরণীয় জয়
আর্জেন্তিনা যেমন সৌদি আরব ম্যাচে পেনাল্টির সাহায্যে এগিয়ে ছিল তেমনই গতকাল এগিয়ে যায় জার্মানি। সৌদি আরবের মতোই দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ম্যাচ জেতে জাপান। এই জয়টি গুরুত্বপূর্ণ এ কারণেই যে, জাপান রয়েছে গ্রুপ অব ডেথে। গতকালই এই গ্রুপের অপর ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে চূর্ণ করেছে স্পেন। ফলে গ্রুপ ই-তে ব্লু সামুরাইয়ের কাছে ২০১৪ সালের চ্যাম্পিয়ন হেরে গিয়ে বেকায়দায় পড়েছে। ২০১৮ সালের বিশ্বকাপেও গ্রুপ অব ডেথে ছিল জার্মানি, স্পেনও ছিল। ফলে পরপর দুবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে পারে জার্মানি। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার কাছে হারের মতো এবার এশিয়ার অপর দেশ জাপানের কাছে পরাস্ত হওয়ার মাশুল দিতে হতে পারে জার্মানদের।

অনুপ্রাণিত করেছিল সৌদি আরবের জয়
প্রথমার্ধে অবশ্য জাপান গতকাল সেভাবে সুবিধা করতে পারেনি। ইলকেয় গুন্দোগানের পেনাল্টিতে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে জাপানের গোল দুটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা রিতসু দোয়ান ও তাকুমা আসানো। এই প্রথম জাপান হারাল জার্মানিকে। এর আগে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলেছিল এই দুই দেশ। অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেওয়ার রহস্য জানাতে গিয়ে কাওরু মিতোমা বলেন, আমরা সৌদি আরব-আর্জেন্তিনা ম্যাচটি দেখেছি। সৌদি আরব জেতার পর আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় যে, এমনভাবে আমরাও জিততে পারি। সৌদি আরবের জয় আমাকে এবং আমাদের দলকে অনুপ্রাণিত করেছে।
|
রবিবার জিতলেই শেষ ১৬ নিশ্চিত
উইঙ্গার তাকেফুয়া কুবো বলেন, ট্রেনিংয়ের ফাঁকে মঙ্গলবার মেসিদের হারিয়ে সৌদি আরবের অঘটন ঘটানো দেখেছি। এই জয় জার্মানদের বিরুদ্ধে স্পেশ্যাল কিছু করতে আমাদেরও উৎসাহিত করেছে। উল্লেখ্য, পরের ম্যাচে রবিবার কোস্টা রিকাকে হারালেই নক আউটে পৌঁছে যাবে জাপান। ২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়েছিল জাপান।












Click it and Unblock the Notifications