Cristiano Ronaldo: বিশ্বজয়ের স্বপ্ন চুরমার, নীরবতা ভেঙে কি অবসরের ইঙ্গিত রোনাল্ডোর?
পাঁচবারের ব্যালন ডি'অর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে বিশ্বকাপ অধরাই থেকে গেল। গতকাল কোয়ার্টার ফাইনালে মরক্কো ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে দিয়ে ইতিহাস গড়ে পৌঁছে গিয়েছে শেষ চারে। চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছাড়েন সিআর সেভেন। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আজ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন রোনাল্ডো। যার মধ্যে দেশের হয়ে না খেলার ইঙ্গিতও মিলছে।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, পর্তুগালকে বিশ্বকাপ জেতানো আমার সবচেয়ে বড় স্বপ্ন ও সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা ছিল। আমি অনেক আন্তর্জাতিক খেতাব জিতেছি। দেশের হয়েও জিতেছি। কিন্তু বিশ্ব ফুটবলের সবচেয়ে উপরে নিজের দেশকে রাখা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি এর জন্য লড়াই করেছি। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে কঠোর পরিশ্রম করেছি। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে পাঁচটি বিশ্বকাপ খেললেও একবারও কাপ ছুঁয়ে দেখতে পারলেন না সিআর সেভেন।
রোনাল্ডো তাঁর ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছেন যে, ১৬ বছরের মধ্যে পাঁচটি বিশ্বকাপে আমি গোল করেছি। খ্যাতনামা ফুটবলারদের পাশে খেলার সুযোগ পেয়েছি। লক্ষ লক্ষ পর্তুগীজের সমর্থন আদায় করে নিতে পেরেছি। নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি মাঠে। লড়াইয়ের থেকে কখনও মুখ ফিরিয়ে নিইনি। সরতে চাইনি স্বপ্নপূরণের পথ থেকে। যদিও দুর্ভাগ্যজনকভাবে গতকাল আমার সেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বেশি প্রতিক্রিয়া দিতে চাই না। তবে একটা কথা বলতে চাই যে, অনেক কিছু লেখা হয়েছে, বলা হয়েছে, অনেক জল্পনা হয়েছে। কিন্তু একটা মুহূর্তের জন্যও পর্তুগালের প্রতি আমার ডেডিকেশনে এতটুকু বদল আসেনি।
রোনাল্ডোর কথায় তিনি সব সময়ই অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়েছেন সকলকে নিয়েই। দলের সতীর্থ ও জাতীয় দলের প্রতি তাঁর একাত্মতার কথাও উঠে এসেছে রোনাল্ডোর পোস্টে। তবে এখন বেশি কিছু বলতে নারাজ। পর্তুগাল ও কাতারকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, যতক্ষণ পর্যন্ত স্বপ্ন জিইয়ে ছিল, তা ছিল খুবই সুন্দর। দলের সকলেই পরিস্থিতি অনুযায়ী আগামী দিনে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলবেন বলেও অভিমত ব্যক্ত করেছেন রোনাল্ডো।












Click it and Unblock the Notifications