FIFA World Cup 2022: পেনাল্টি নষ্ট লেওয়ানডস্কির, মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ গোলশূন্য
ফিফা বিশ্বকাপের ম্যাচে পোল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচের ফলাফল স্বস্তি দিল আর্জেন্তিনা শিবিরকে। এদিন গ্রুপ সি-র এই ম্যাচটি গোলশূন্য়ভাবে শেষ হয়েছে। পেনাল্টি নষ্ট করেন পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কি। তাঁর শট রুখে মেক্সিকোর পরিত্রাতা হয়ে ওঠেন গোলকিপার গিলেরমো ওচোয়া।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় হেক্টর মোরেনো অবৈধভাবে বাধা দিয়েছিলেন বার্সেলোনার স্ট্রাইকার লেওয়ানডস্কিকে। ভার রিভিউ দেখে সুনিশ্চিত হয়ে পোল্যান্ডের পক্ষে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি মারতে গিয়েছিলেন পোল্যান্ডের তারকা অধিনায়ক। যদিও তাঁর শট অনবদ্য দক্ষতায় রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া। এই নিয়ে তাঁর কেরিয়ারে ১৭টি পেনাল্টি রুখলেন তিনি। তার মধ্যে চারটি মেক্সিকোর হয়ে।
মেক্সিকোর ফরওয়ার্ড আলেক্সিস ভেগা প্রথমার্ধে দুটি সুযোগ নষ্ট করেন। উইঙ্গার হার্ভিং লোজানোর বাড়ানো ক্রসকে গোলে রূপান্তরিত করতে ব্যর্থ হওয়ার পর ম্যাচের ২৪ মিনিটের মাথায় হেডে গোল করার কাছাকাছি পৌঁছেও লক্ষ্যভ্রষ্ট হন। প্রথমার্ধে খুব বেশি ফাউল হয়নি। দুই দলের কেউই তেমন সুযোগও তৈরি করতে পারেনি। ওপেন গোল পেয়েও লাস্ট-ম্যান ট্যাকলে গোলমুখ খুলতে পারেননি জেসাস গ্যালারডো। প্রথমার্ধে বলের দখল বেশি ছিল মেক্সিকোরই। কিন্তু আক্রমণভাগে রাউল জিমেনেজের না থাকা সমস্যা তৈরি করে। প্রথমার্ধে দুই গোলকিপারকেই পরীক্ষার মুখে পড়তে হয়নি।
বিরতির পর পোল্যান্ড নিকোলা জালেওস্কির পরিবর্তে ক্রিশ্টিয়ান বিয়েলিককে নামালে পোল্যান্ডের আক্রমণ দানা বাঁধতে শুরু করে। লেওয়ানডস্কি পেনাল্টি আদায়ে সক্ষম হলেও তাঁর নীচু শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ওচোয়া। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের সুযোগ নষ্ট করেন লেওয়ানডস্কি। এই ম্যাচে দুই দলই ১ পয়েন্ট করে পেল। আর্জেন্তিনার এতে কিছুটা সুবিধাও হলো। পরের দুটি ম্যাচ জিতলে মেসিরা নক আউট পর্বে চলে যেতে পারবেন। এমনকী একটি জয় ও একটি ড্র করলেও আশা যে থাকবে না তা নয়। আপাতত সি গ্রুপের শীর্ষে রইল সৌদি আরব। পোল্যান্ড ও মেক্সিকোর পরে আর্জেন্তিনা।












Click it and Unblock the Notifications