বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবল, কী হলে শেষ চারে মুখোমুখি হবে দুই জায়ান্ট
বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবল, কী হলে শেষ চারে মুখোমুখি হবে দুই জায়ান্ট
বিশ্বকাপ এসে উপস্থিত হয়েছে নিজের ক্লাইম্যাক্সে। নক আউট পর্ব শুরু হয়ে গিয়েছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা, বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট এগিয়ে চলেছে নিজেদের লক্ষ্যে। বিশ্বকাপ এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। জেনে নিন কী ভাবে সেই ম্যাচ হবে। সমগ্র বিশ্ব অপেক্ষা করছে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য।

কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা:
প্রি কোয়ার্টার ফাইনালে বাধা টপকে ব্রাজিল এবং আর্জেন্টিনা, উভয় দেশই কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। ব্রাজিল শেষ ষোলোর ম্যাচে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়াকে। ৪-১ গোলে পরাজিত করেছে তারা এশিয়ার দলটিকে। অপর দিকে, আর্জেন্টিনা নক আউট পর্বের ম্যাচে পরাজিত করেছে অস্ট্রেলিয়াকে। ২-১ গোলে ম্যাচটি জেতে আর্জেন্টিনা।

সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল এবং আর্জেন্টিনা:
সেমিফাইনাল ম্যাচে বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট ব্রাজিল এবং আর্জেন্টিনার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এই ম্যাচে আর্জেন্টিনা যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় তা হলে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। অপর দিকে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিল জিতলে সেমিফাইনালে মুখোমুখি হবে মারাদোনা এবং পেলের দেশ। এক কথায় ব্রাজিল এবং আর্জেন্টিনা নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতলেই একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে সেমিফাইনালে।

কোপা আমেরিকা ২০২১ ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা:
কোপা আমেরিকা ২০২১-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই ম্যাচে নেইমারের দলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের জয়সূচক গোলটি করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে এটিই ছিল মেসির প্রথম মেজার ইভেন্ট জয়।

দুই হেভিওয়েটের সেমিফাইনাল হলে কিছুটা এগিয়ে ব্রাজিল:
যে ভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপে খেলেছে তাতে এই দুই দল সেমিফাইনালে মুখোমুখি হলে কিছুটা এগিয়ে থাকবে ব্রাজিল। ব্রাজিলের অ্যাটাকিং বিভাগ দারুণ ছন্দে রয়েছে। চোট কাটিয়ে ফিরেছেন নেইমার। গোলের মধ্যে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রিচারলিসন। ভাল ছন্দে রয়েছেন রাফিনহাও। এ ছাড়া ডিফেন্সও রয়েছে ভাল ছন্দে। অন্য দিকে, আর্জেন্টিনার আক্রমণভাগও ভাল খেলছে। লিওনেল মেসি ছাড়াও গোল পাচ্ছেন অন্যান্য ফুটবলাররা। তবে, এখনও খুব বেশি পরীক্ষিত নয় আর্জেন্টিনার ডিফেন্স। সৌদি আরবের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ভাল খেললে ব্রাজিলের অ্যাটাকিং লাইন সমস্যায় পড়তে পারে।












Click it and Unblock the Notifications