FIFA World Cup 2022: মেসি ফারাক গড়ে দিতে পারেন, সতর্ক নেদারল্যান্ডস খুঁজছে থামানোর কৌশল
ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্তিনা। ম্যাচটি হবে শুক্রবার। লিওনেল মেসির ফর্ম চিন্তায় রাখছে ডাচদের। বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ মিডফিল্ডার আবার নেদারল্যান্ডসের তারকা। তিনিও জানেন না মেসিকে থামানোর রাস্তা।

আর্জেন্তিনা ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে নেদারল্যান্ডস। তবে ভাবনাজুড়ে শুধুই লিওনেল মেসি। আর্জেন্তিনার অধিনায়ক যে ফর্মে রয়েছেন তাতে মেসি তো বটেই, গোটা আর্জেন্তিনা দলকেই সমীহ করছে লুই ফান হাল (Louis van Gaal)-এর প্রশিক্ষণাধীন দল। লিওনেল মেসিকে আটকানোর কম প্রয়াস করেনি অস্ট্রেলিয়া। কিন্তু তা সত্ত্বেও পায়ের জঙ্গলের মধ্যে দিয়ে গোল নিশ্চিত করেছেন মেসি অত্যন্ত কুশলীভাবে।
ক্যাম্প ন্যূ-তে মেসির সঙ্গে দুই মরশুম কাটিয়েছেন দে ইয়ং (Frenkie de Jong)। কিন্তু তিনিও মেসিকে থামানোর মোক্ষম রণকৌশল সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনপুট দিতে পারছেন না। তবে নেদারল্যান্ডস শিবির এটা ভালোভাবেই উপলব্ধি করছে যে, মেসিকে থামিয়ে দিতে পারলে অনেকটা কাজই হয়ে যাবে। সাংবাদিকদের দে ইয়ং বলেন, আমি মেসিকে চিনি, জানি। কিন্তু তাঁকে কীভাবে থামাতে হবে সেটা জানি না। গত ১৫ বছর ধরে তিনি ফারাক গড়ে দিচ্ছেন। তাঁকে থামানোর কোনও পথই নেই। অনুশীলনের সময়ও ফারাক গড়ে দিতে পারদর্শী মেসি। তবে দলগত সংহতিতে ভর করেই তাঁকে থামাতে হবে। মেসির সঙ্গে এর মধ্যে কোনও বার্তা আদান-প্রদান হয়নি প্রাক্তন সতীর্থরা। মাঠেই লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন।
আপাতত মেসিকে থামানোর একটা উপায় বের করেছেন ডাচ কোচ। তিনি বলেছেন, মেসি খুব বিপজ্জনক ক্রিয়েটিভ প্লেয়ার। তিনি নিজে অনেক সুযোগ তৈরি করেন। গোলও করেন। কিন্তু বল যখন আর্জেন্তিনার ফুটবলারদের পায়ে থাকে না, তখন মেসিও খুব সক্রিয়তা দেখান না। সেই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। মেসি চলতি বিশ্বকাপেই ক্লাব ও দেশের হয়ে সবমিলিয়ে ১ হাজারতম ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলটি তাঁর কেরিয়ারের ৭৮৯তম গোল। সেই সংখ্যা বাড়ার অপেক্ষা করছেন মেসি ও আর্জেন্তিনার ভক্তরা। আর তা আটকাতেই কৌশল হাতড়াচ্ছে নেদারল্যান্ডস।












Click it and Unblock the Notifications