FIFA World Cup 2022: শেষ ম্যাচেই অধরা বিশ্বকাপ মেসির হাতে? অপেক্ষায় একাধিক রেকর্ড
কাতারে ফিফা বিশ্বকাপ চলাকালীন ইতিমধ্যেই একাধিক নজির গড়ে ফেলেছেন লিওনেল মেসি। রবিবার ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল ফ্রন্টিয়ার তথা বিশ্বকাপে নিজের শেষ ম্যাচেও আর্জেন্তিনার অধিনায়কের সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি। একনজরে দেখে নেওয়া যাক মেসি এবারের বিশ্বকাপে কোন নজিরগুলি গড়েছেন এবং গড়তে পারেন।

মেসির নজির
বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লিওনেল মেসি গোল করেছেন, জোড়া গোল করা আলভারেজের ফিনিশের ক্ষেত্রেও অবদান রেখেছেন। তবে এবার শুধু একটি ম্যাচে নয়, তিনটি ম্যাচে মেসি নিজে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন। তিনিই একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপের চারটি ম্যাচে গোল ও অ্যাসিস্ট একসঙ্গে করেছেন। এবারের বিশ্বকাপের তিনটি ম্যাচ এবং ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপের একটি ম্যাচে। ১৯৬৬ সালের পর মেসি ছাড়া আর কেউ কোনও একটি বিশ্বকাপের তিনটি ম্যাচে একসঙ্গে গোল করার পাশাপাশি গোল করানোরও নজির রাখতে পারেননি। এখনও অবধি বিশ্বকাপে মেসির অ্যাসিস্টের সংখ্যা ৮।

সোনার বুটের দৌড়ে
এবারের বিশ্বকাপে এখনও অবধি পাঁচটি গোল করে সোনার বুটের দৌড়ে কিলিয়ান এমবাপের সঙ্গে একই জায়গায় রয়েছেন পিএসজির সতীর্থ মেসি। তাঁর বয়স এখন ৩৫। এই বয়সে কোনও বিশ্বকাপে পাঁচটি গোল করার নজির কারও নেই। বিশ্বকাপ ফাইনাল খেলতে নামলেই সবচেয়ে বেশি ২৬টি বিশ্বকাপের ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়ে ফেলবেন মেসি। আপাতত তিনি এবং জার্মানির কিংবদন্তি লোথার মাথেউস ২৫টি করে ম্যাচ খেলেছেন বিশ্বকাপে।

রেকর্ড বুকের এলিট লিস্টে
পাঁচটি বিশ্বকাপ খেলে চারটি বিশ্বকাপেই গোল করার নজির গড়েছেন লিওনেল মেসি। একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পাঁচটি বিশ্বকাপেই গোল করেছেন। এ ছাড়া চারটি বিশ্বকাপে গোল করার নজির রয়েছে পেলে, উভে জেলার ও মিরোস্লাভ ক্লোসের। ১৯৮৬ সালের বিশ্বকাপ থেকে রাখা হয়েছে রাউন্ড অব সিক্সটিন। রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল করা ফুটবলারদের এলিট লিস্টেও নিজের নাম লিখিয়েছেন মেসি। ১৯৯০ সালে ইতালির সালভাতোর শিলাচ্চি, ১৯৯৪ সালে ইতালির রবার্তো বাজ্জিও ও বুলগেরিয়ার হ্রিস্টো স্তোইকভ, ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার দাভোর সুকের ও ২০১০ সালে ওয়েসলি স্নেইডার এই নজির গড়েছিলেন। এবার তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে মেসির নাম।

ফাইনালেও রেকর্ডের হাতছানি
আর্জেন্তিনার হয়ে সবচেয়ে বেশি ১১টি গোল বিশ্বকাপে করেছেন লিওনেল মেসি। টপকে গিয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০টি গোলের নজির। বিশ্বকাপে মেসি ছাড়াও ১১টি গোল করার নজির রয়েছে হাঙ্গেরির সান্দোর ককসিস ও জার্মানির য়ুর্গেন ক্লিন্সম্যানের। বিশ্বকাপে মেসি গোল অথবা অ্যাসিস্ট করেছেন এমন ম্যাচের সংখ্যা ১৩। তিনি এবং ব্রাজিলের রোনাল্ডো এখন একাসনে রয়েছেন। পেলের মতো মেসিও বিশ্বকাপের নক আউট পর্বে ৬টি অ্যাসিস্ট করেছেন। ফলে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের দুই কিংবদন্তিকে পিছনে ফেলে দিতে পারেন মেসি। আর্জেন্তিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তিনি রেকর্ড সংখ্যক ১৯তম ম্যাচে খেলতে নামবেন লুসাইল স্টেডিয়ামে।

ফের সোনার বলের দখল?
এবারের বিশ্বকাপে মেসি ৫টি গোল করেছেন, অ্যাসিস্টের সংখ্যা ৩। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্তিনা ফাইনালে উঠেও কাপ জিততে পারেনি। সেবার মেসি চারটি গোল ও ১টি অ্যাসিস্টের দৌলতে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে সোনার বলের দখল নিয়েছিলেন। এবার বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই সোনার বলের দখল নিতে পারলে তা হবে সোনায় সোহাগা।












Click it and Unblock the Notifications