FIFA World Cup 2022: বিশ্বকাপে অভিনব প্রতিবাদ ইরানের, জাতীয় সংগীত গাইলেন না ফুটবলাররা
ফিফা বিশ্বকাপে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছে ইরান। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে অভিনব প্রতিবাদ জানালেন ইরানের ফুটবলাররা। কেউই গাইলেন না জাতীয় সংগীত। ইরানে হিজাববিরোধী যে আন্দোলন চলছে তার প্রতি সমর্থন জানাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
|
আমিনি-হত্যার প্রতিবাদ বিশ্বকাপের আসরে
সেপ্টেম্বরের ১৬ তারিখ মরালিটি পুলিশের হেফাজতে থাকাকালীন ২২ বছরের মাহসা আমিনির মৃত্যু হয়েছিল। ইরানে পোশাক নিয়ে ফতোয়া অমান্য করার দায়ে কুর্দিশের আমিনিকে তেহরানে গ্রেফতার হতে হয়েছিল। যার অন্যতম কারণ, তিনি হিজাব পরেননি, যা ইরানে পরা বাধ্যতামূলক। গ্রেফতারির তিন দিন পরেই পুলিশি হেফাজতে থাকাকালীন মারা যান আমিনি। এরপর থেকে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ইরান। দেশজুড়ে চলছে হিজাববিরোধী আন্দোলন। ওসলোয় ইরানের মানবাধিকার সংক্রান্ত একটি সংগঠনের দাবি, আমিনির মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে প্রায় চারশো মানুষকে প্রাণ হারাতে হয়েছে।
|
আন্দোলনকারীদের সমর্থন ইরানের ফুটবলারদের
দেশে যাঁরা প্রতিবাদের ঝড় তুলেছেন তাঁদের প্রতি সমর্থন জানাতে ইতিমধ্যেই ইরানের অনেক অ্যাথলিট জাতীয় সংগীতে গলা মেলাননি। কিংবা ক্রীড়াক্ষেত্রের সাফল্যকে উদযাপনের পথে হাঁটেননি। ইংল্যান্ডের ক্লাব ব্রাইটনে খেলা ইরানের ফুটবলার আলিরেজা জাহানবাখশকে এক সাংবাদিক জাতীয় সংগীতের বিষয়ে প্রশ্ন করায় তিনি নিজের ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেছিলেন, প্রত্যেক প্লেয়ারেরই সেলিব্রেশনের আলাদা আলাদা ধরন রয়েছে। জাতীয় সংগীতের বিষয়ে দলে আলোচনা হয়। ইতিমধ্যে তা হয়েছেও। তবে আমরা কেউই এই বিষয়টিকে বড় করে দেখতে চাইছি না। আমাদের সকলেরই ভাবনাচিন্তা জুড়ে শুধুই ফুটবল।
|
জাতীয় সংগীতে গলা মেলালেন না কেউ
আজ খেলা শুরুর আগে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যখন ইরানের জাতীয় সংগীত বাজানো হয় তখন তাতে ইরানের ১১ ফুটবলারের কেউই গলা মেলাননি। তাঁরা নীরব ছিলেন। এটি দেশে আন্দোলনকারীদের প্রতি নীরব সমর্থন এবং শাসকের প্রতি প্রতিবাদ বলেই চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই। ইরানি বিপ্লবের পর থেকে চলে আসা শাসকরা বিষয়টি কীভাবে নেবে তা স্পষ্ট হবে কয়েক দিনেই। তবে ইরানের ফুটবলারদের প্রতিবাদের এই ধরন নিয়ে চর্চা শুরু হয়েছে। দেশে ফিরলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে কিনা তা নিয়েও অনেকের মনে থাকছে সংশয়। ইরানের অধিনায়ক জাহানবাখশ আগে জানিয়েছিলেন, ইরানের শাসকের বিরুদ্ধে যে প্রতিবাদ, আন্দোলন চলছে তাতে সমর্থন জানাতে জাতীয় সংগীত তাঁরা গাইবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। কিন্তু আজ খেলা শুরুর আগে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে থেকে এবং জাতীয় সংগীতে গলা না মিলিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ইরানের ফুটবলাররা।
|
এগিয়ে ইংল্যান্ড
এদিনের ম্যাচে প্রথমার্ধে তিন গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ৩৫ মিনিটে জুড বেলিংহ্যাম, ৪৩ মিনিটে বুকায়ো সাকা ও ইনজুরি টাইমে রাহিম স্টার্লিং গোল করেছিলেন। ৬২ মিনিটে সাকার দ্বিতীয় গোল ইংল্যান্ডকে ৪-০ গোলে এগিয়ে দেয়। ৬৫ মিনিটে মেহেদি তারেমির গোলে ব্যবধান কমিয়েছে ইরান।












Click it and Unblock the Notifications