FIFA World Cup 2022: ফাইনাল ফ্রন্টিয়ারে ফ্রান্স অস্বস্তিতে! অসুস্থতায় অনিশ্চিত দুই তারকা
ফিফা বিশ্বকাপ ফাইনালে আজ লুসাইল স্টেডিয়ামে আর্জেন্তিনার বিরুদ্ধে খেলতে নামছে ফ্রান্স। খেতাব দখলে রাখার লড়াইয়ে নামার আগে ফ্রান্স শিবিরে অস্বস্তি বাড়িয়েছে ফ্লু। ভাইরাসজনিত অসুখে আক্রান্ত হয়ে এবার ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন দুই তারকা ফুটবলার। গতকাল সাংবাদিকদের হেড কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছিলেন, সংক্রমণ যাতে দ্রুত অন্যদের মধ্যে না ছড়ায় সে কারণে অসুস্থ ফুটবলাররা হোটেল রুমেই রয়েছেন। এবার জানা যাচ্ছে তাঁদের নামও।

শনিবার বিশ্বকাপ ফাইনালে নামার চূড়ান্ত মহড়া সেরে নিয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশঁ যে ২৬ সদস্যের দল নিয়ে এসেছিলেন তার মধ্যে করিম বেঞ্জেমা ও থিও হার্নান্দেজ চোটের কারণে নেই। তাঁদের পরিবর্ত কাউকে নেওয়া হয়নি। ইংল্যান্ড ম্যাচের পর উপামেকানো অসুস্থ বোধ করেন। তাঁর সঙ্গে ফ্লু উপসর্গ নিয়ে ভুগতে থাকা রাবিওকেও সেমিফাইনালে খেলাতে পারেননি দেশঁ। এই দুই ফুটবলার আজ ফাইনাল খেলার জন্য ফিট হবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু গতকাল অনুশীলনে দেখা যায়নি স্ট্রাইকার অলিভিয়ের জিরু ও ডিফেন্ডার রাফায়েল ভারানেকে।
তবে গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন দায়োত উপামেকানো। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, ভারানে ও জিরুর খেলা নিয়ে সংশয় রয়েছে। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে চারটি গোল করে সোনার বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জিরু। তিনি খেলতে না পারলে নিঃসন্দেহে তা ফ্রান্সের পক্ষে বড় ধাক্কা হতে চলেছে। জিরু খেলতে না পারলে তাঁর জায়গায় মার্কাস থুরাম হতে পারে দেশঁর বড় অস্ত্র। যদিও এমন জল্পনাও রয়েছে যে, দুজনেই ফাইনালে খেলতে পারবেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁদের অনুশীলনে না নামিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে। সবমিলিয়ে উদ্বেগ বাড়ছে ফ্রান্সের সমর্থকদের।
আজ জিতলেই ইতালি ও ব্রাজিলের কীর্তি স্পর্শ করে ফেলবে দিদিয়ের দেশঁর ফ্রান্স। ১৯৩৪ ও ১৯৩৮ সালে পরপর দুটি বিশ্বকাপ জিতেছিল ইতালি। ১৯৫৪ ও ১৯৫৮ সালে ব্রাজিল জেতে বিশ্বকাপ। পরপর দুটি বিশ্বকাপ জয়ের নজির আর নেই। ১৯৩৮ সালের পর থেকে ধরলে কোনও কোচ বা ম্যানেজার পরপর দুটি বিশ্বকাপ জিততে পারেননি। সেই ঈর্ষণীয় নজিরও যাবে দেশঁর দখলে। পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে পরপর দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারবেন কিলিয়ান এমবাপে। ফ্রান্স শিবির বুঝতে পারছে স্টেডিয়ামের সিংহভাগ জুড়েই থাকবেন আর্জেন্তিনার সমর্থকরা। তবু ৮৮ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে দল নামানোর আগে চাপে থাকার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অধিনায়ক তথা বর্তমান দলের ম্যানেজার দেশঁ।












Click it and Unblock the Notifications