FIFA World Cup 2022: নজির গড়েও চোখের জলে কাতারকে বিদায় রোনাল্ডোর! ফিরে দেখা বিশ্বকাপের সফর

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনিই। বর্তমানে শ্রেষ্ঠত্বের নিরিখে তাঁর লড়াই লিওনেল মেসির সঙ্গে। নেইমারের ব্রাজিল কাতারের ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরদিনই বিদায় নিশ্চিত হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের। নেইমার ও রোনাল্ডোর বিশ্বকাপ অভিযান শেষ। এখনও টিকে মেসি। নেইমারের মতো রোনাল্ডোও মাঠ ছাড়লেন চোখের জল ফেলতে ফেলতে।

বিশ্বকাপ অধরা রোনাল্ডোর

বিশ্বকাপ অধরা রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স এখন ৩৭। এটাই ছিল শেষ বিশ্বকাপ। কাপ অভিযান শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সমালোচনা করে বিতর্ক তৈরি, যার জেরে ম্যান ইউ থেকে ছাঁটাই। এরপর বিশ্বকাপ চলাকালীন হেড কোচ ফার্নান্দো সান্তোসের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ফের বিতর্কে জড়ান রোনাল্ডো। যার নিট ফল ২০০৮ সালের পর এই প্রথম, বিশ্বকাপের প্রি কোয়ার্টারে সুইৎজারল্যান্ড ম্যাচে পর্তুগালের একাদশে অধিনায়ক রোনাল্ডোকে রাখেননি সান্তোস। সেদিন জয় এসেছিল। কিন্তু ফের মরক্কোর বিরুদ্ধেও রোনাল্ডোকে বেঞ্চে রাখেন সান্তোস। ৫১ মিনিটের মাথায় অবশ্য মাঠে নামান। যদিও রোনাল্ডো দাগ কাটতে ব্যর্থ। একবার গোলের কাছাকাছি পৌঁছলেও তাঁর প্রয়াস রুখে দেন মরক্কোর গোলকিপার বুনো। ১-০ গোলে জিতে পর্তুগালকে ছিটকে দেয় মরক্কো। শেষ হয়ে যায় রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

নজিরের দিনেই চোখের জলে বিদায়

এদিন রোনাল্ডো দেশের হয়ে খেললেন ১৯৬তম ম্যাচ। যার দৌলতে তিনি দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা কুয়েতের বাদের আল-মুতাওয়ার কীর্তিতে ভাগ বসালেন। আর একটি ম্যাচ পর্তুগালের হয়ে খেললেই রোনাল্ডো এককভাবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নয়া নজির গড়বেন। যদিও দেখার রোনাল্ডোকে ফের দেশের জার্সিতে দেখা যায় কিনা। বিশ্বকাপে রোনাল্ডো খেললেন ২২তম ম্যাচ। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনাল্ডো আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক। ক্লাব ও দেশের হয়ে ৮০০-র বেশি গোল করা একমাত্র ফুটবলার। ২০১৬ সালে ইউরো ও ২০১৮-১৯ মরশুমের উয়েফা নেশনস লিগ জিতিয়েছেন পর্তুগালকে। পারলেন না শুধু বিশ্বকাপ জেতাতে।

পাঁচ বিশ্বকাপেই গোলের ঈর্ষণীয় রেকর্ড

পাঁচ বিশ্বকাপেই গোলের ঈর্ষণীয় রেকর্ড

ঘানার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই নজির গড়েছিলেন রোনাল্ডো। পাঁচটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছিলেন বিশ্বকাপের ইতিহাসে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি বয়সে (৩৭ বছর ২৯২ দিন) গোল করে। তবে পারলেন না বিশ্বকাপে ৯টি গোল করা ইউসেবিওর রেকর্ড টপকাতে। রোনাল্ডোর বিশ্বকাপ অভিষেক হয়েছিল ২০০৬ সালের বিশ্বকাপে অ্যাঙ্গোলার বিরুদ্ধে। তখন তিনি খেলতেন ১৭ নম্বর জার্সি পরে। ২৬ মিনিটে হলুদ কার্ড দেখেন, পরে তাঁকে তুলে নেওয়া হয়। পরের ইরান ম্যাচে তিনি গোল করেন। ৮০ মিনিটে পেনাল্টি থেকে। যার জেরে ২-০ গোলে জিতেছিল পর্তুগাল। ২১ বছর ১৩২ দিনের মাথায় গোল করেছিলেন বিশ্বকাপে পর্তুগালের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে। সেবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি মেক্সিকোর বিরুদ্ধে খেলেননি। রাউন্ড অব সিক্সটিনে নেদারল্যান্ডস ম্যাচেও পুরো ম্যাচ খেলানো হয়নি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেকারে রোনাল্ডোর শটই পর্তুগালকে নিয়ে যায় সেমিফাইনালে। প্রথমে ফ্রান্স ও পরে জার্মানির কাছে হেরে সেবার চতুর্থ হয় পর্তুগাল।

১৭ থেকে ৭

১৭ থেকে ৭

১৭ নম্বর জার্সি থেকে রোনাল্ডোর জার্সি নম্বর ৭ হয়ে যায় পরের বিশ্বকাপে। ২০১০ সালের বিশ্বকাপে তিনি পর্তুগালকে নেতৃত্বও দেন। সেই বিশ্বকাপের চারটি ম্যাচের একটিতেই গোল করেছিল পর্তুগাল। দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল ৭-০ গোলে, ষষ্ঠ গোলটি ছিল সিআর সেভেনের। সেবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরেই বিদায় নিশ্চিত হয়েছিল পর্তুগালের। ২০১৪ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারে সুইডেনকে হারিয়ে মূলপর্বে খেলার ছাড়পত্র পায় পর্তুগাল। চোটের কারণে সেবারের বিশ্বকাপে রোনাল্ডো চেনা ছন্দে ছিলেন না। প্রথম ম্যাচে জার্মানির কাছে ০-৪ গোলে হারে পর্তুগাল, দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২-২ ড্র। সমতা ফেরানোর গোলে অ্যাসিস্ট ছিল রোনাল্ডোর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানার বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় পর্তুগাল, জয়সূচক গোলটি ছিল সিআর সেভেনের। কিন্তু এই জয় সত্ত্বেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি পর্তুগাল।

স্মরণীয় ম্যাচ

স্মরণীয় ম্যাচ

বিশ্বকাপে রোনাল্ডোর স্মরণীয় ম্যাচ ২০১৮ সালে স্পেনের বিরুদ্ধে। চার মিনিটে পেনাল্টি থেকে গোল। বিরতির আগে তাঁর গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। দিয়েগো কোস্টা ও নাচো ফার্নান্দেজের গোলে স্পেন ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পর ৮৮ মিনিটে দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রোনাল্ডো। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের নজির গড়েন। মরক্কোর বিরুদ্ধে তিনি গোল করে ১-০ ব্যবধানে জিতিয়েছিলেন। ইরানের সঙ্গে ১-১ ড্র করে রাউন্ড অব সিক্সটিনে উরুগুয়ের কাছে ১-২ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এবার কোয়ার্টার ফাইনালেই শেষ হলো রোনাল্ডোদের অভিযান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+