FIFA World Cup 2022: স্পেন-মরক্কো ম্যাচে নজরে হাকিমি, জন্মভূমির বিরুদ্ধেই চাইছেন জয়
ফিফা বিশ্বকাপের ম্যাচে আজ স্পেনের বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্য়াচ খেলবে মরক্কো। ২০১০ সালের চ্যাম্পিয়নদের হারালে ইতিহাসে নাম লেখানোর হাতছানি। মরক্কো এবারের বিশ্বকাপে তাক লাগিয়েছে। ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, স্পেনের কাজটা মোটেই সহজ হবে না। এই ম্যাচে নজর থাকবে পিএসজিতে মেসি, নেইমার, এমবাপেদের সতীর্থ আশরাফ হাকিমির দিকে। তিনি ফের বিশ্বকাপের আসরে নামবেন জন্মভূমির বিরুদ্ধে।

আশরাফ হাকিমির বয়স এখন ২৪। তাঁর বাবা ও মা দুজনেই মরক্কোর। মাদ্রিদের রাস্তায় বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন হাকিমির পিতা, মা পরিচারিকার কাজ করতেন। হাকিমির জন্মও মাদ্রিদেই। আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে স্পেনের তিকিতাকা থামিয়ে মরক্কোকে প্রথমবারের জন্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিতে হাকিমি মরক্কো দলের অন্যতম বড় ভরসা। তবে হাকিমি হয়তো আজ স্পেনের দলেও থাকতে পারতেন। কেন না, স্পেনের জুনিয়র দলে খেলার জন্য ডাকও পেয়েছিলেন।
২০০৬ সালে হাকিমি ভর্তি হন রিয়াল মাদ্রিদের ইউথ সেটআপে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বরুসিয়া ডর্টমুন্ডে খেলেছেন লোনে, ইন্টার মিলানের হয়ে জিতেছেন ইতালিয়ান সেরি আ খেতাব। এখন রয়েছেন পিএসজিতে। মরক্কোর অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলার পর অনূর্ধ্ব ২৩ দলে ডাক পান ২০১৬ সালের জুনে। ওই বছরের অক্টোবরেই মরক্কোর হয়ে আন্তর্জাতিক অভিষেক।
স্পেনের মারকা সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে হাকিমি বলেছেন, আমার বাবা-মা মরক্কোর। বাড়িতে যে ধরনের পরিবেশে বেড়ে উঠেছি, আরব সংস্কৃতির মধ্যে দিয়ে, তাতে মাদ্রিদ বা স্পেনকে কখনও নিজের জন্য সঠিক জায়গা বলে মনে হতো না। মরক্কোর হয়ে খেলতে পেরে খুশি হাকিমি বলেন, নিজের দেশের হয়ে খেলাটা সব সময় ইউনিক। আমরা ইতিহাস গড়তে চলেছি। সমর্থকদের প্রত্যাশা রয়েছে আমাদের উপর। সেই এনার্জি আমাদের দলের মধ্যেও ছড়িয়েছে যাতে আরও শক্তিশালী হয়ে আমরা ভালো কিছু করতে পারি।
তবে আজই প্রথমবারের জন্য তিনি স্পেনের বিরুদ্ধে মরক্কোর হয়ে বিশ্বকাপে নামছেন না। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে খেলেছিলেন, সেই ম্যাচে স্পেন দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে গোল করে ম্যাচ ২-২ রাখতে সক্ষম হয়েছিল। তবে এখন মানসিকভাবেও অনেক শক্তিশালী হাকিমি। তাঁর কথায়, স্পেন বিশ্বের প্রথম পাঁচটি দলের একটি এবং বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়েই আসে। তবে আমাদের কোচ শিখিয়েছেন কীভাবে জেতার মানসিকতা নিয়ে নামতে হয়। প্রতিপক্ষ কে আছে সেটা আমাদের কাছে কোনও ব্যাপার নয়। আমরা নিজেদের সাধ্যমতো ভালো খেলে স্পেনকে হারানোরই চেষ্টা করব। আমরা গ্রুপের শীর্ষে ছিলাম। ফলে কিছুটা সম্ভ্রম প্রত্যাশা করতেই পারি। সেটা স্পেন উপলব্ধি করছে, তারা কিছুটা ভীত থাকবে বলেও আমার ধারণা। আমরা তো ফের চমক দিতেই পারি। উল্লেখ্য, মরক্কো এবার বিশ্বকাপে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে। হারিয়েছে কানাডাকেও।












Click it and Unblock the Notifications