গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কী খবর উরুগুয়ে এবং সৌদি শিবিরের, জেনে নিন
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে সৌদি আরব এবং উরুগুয়ের। দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে সৌদি আরবকে।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামছে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল উরুগুয়ে। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও, উরুগুয়ের খেলার সেই বন্ধনটাই চোখে পড়েনি মিশরের বিরুদ্ধে। মিশরের বিরুদ্ধে জিতলেও একমাত্র গোলটি উরুগুয়ে পেয়েছিল ম্যাচের ৮৯ মিনিটে। ফলে গ্রুপের দুর্বল দল সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ হলেও একটু চিন্তিত উরুগুয়ে টিম ম্যানেজমেন্ট।
আয়োজক দেশ রাশিয়া দু'ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ ষোলায় যাওয়ার দিকে পা বাড়িয়ে রেখেছে। ফলে এই ম্যাচে যদি উরুগুয়ে জিততে পারে তাহলে তারাও রাশিয়ার সঙ্গেই পৌছে যাবে শেষ ষোলোয়।

মিশরের বিরুদ্ধে ক্রিস্টিয়ান রডরিগেজ(৩২) এবং কার্লোস স্যাঞ্চেজ(৩৩) এই দুই ফুটবলার পরিবর্ত হিসেবে নামার পরেই বদলে গিয়েছিল উরুগুয়ের খেল। তাই এই ম্যাচে শুরু থেকেই এই দু'জনকে সুযোগ দিতে চাইছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।
তবে কী তরুণ ফুটবলারদের উপর ভরসা রাখতে পারছেন না উরুগুয়ের কোচ? এই তত্বকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে অস্কার বলেন, 'এখানে অভিজ্ঞ বা তারুণ্যের বিষয় নয়। আমার জ্ঞান বলে দলের পক্ষে যে ফর্মেশান ভাল সেই ফর্মেশনে যারা ফিট করে তাদেরকেই খালানো প্রয়োজন এবং আমরা সেটাই করছি।'
এই ম্যাচে দেশের জার্সিতে নিজের ১০৭ নম্বর ম্যাচটি খেলবেন রডরিগেজ, অন্য দিকে দেশের জার্সিতে এই দিনই শততম ম্যাচটি খেলবেন লুইস সুয়ারেজ। দেশের জার্সিতে উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা খেলবেন ৯৯ নম্বর ম্যাচটি।
উরুগুযে শিবিরের খবর দলে কোনও চোট আঘাতের সমস্যা নেই, গোটা দলই ফিট রয়েছে। সুয়ারেজদের কোচ বলেন, 'আমার নিজের দলের প্রতি অনেক ভরসা এবং বিশ্বাস রয়েছে। ওদের অভিজ্ঞতা প্রচুর।'
অন্য দিকে, উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে বেশ ছন্নছাড়া অবস্থা সৌদি আরবের। গোটা দল একই সঙ্গে অনুশীলন করলেও ফুটবলারদের মনবলটাই যেন ভেঙে গিয়েছে। রাশিয়ার কাছে পাঁচ গোল হজম করার পর অনেকটাই অসহায় দেখাচ্ছে সৌদি আরবের ফুটবলারদের শরীরী ভাষা। যদিও এই দলকেই নিজের ভোকাল টনিকে চাঙ্গা করে তাদের মধ্যে থেকে সেরা নিয়ে আসতে বদ্ধপরিকর আর্জেন্তাইন কোচ পিজ্জি।
সৌদি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে প্রথম একাদশে একাধিক বদল আনতে পারেন কোচ। বিশেষ করে ডিফেন্স এবং মিডফিল্ডে বদল আসার সম্ভবনা বেশি। তবে, সৌদি আরবের ক্ষেত্রে সব থেকে ভাল খবর হল দলে কোনও চোট আঘাতের সমস্যা নেই। সেরা ফুটবলারদেরই সার্ভিস পাবে তারা।
ম্যাচের আগের দিন সৌদির অভিজ্ঞ মিডফিল্ডার তাইসির আল জাসিম বলেন, 'টিম হোটেলে পৌছোনর পরই আমরা ম্যাচের ফল ভুলে গিয়েছিলাম। আমরা এই ম্যাচু নতুন ভাবে মাঠে নামব।'
তবে, একটা বিষয়ে নিশ্চিত যে এই ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে এই ম্যাচ থেকে যদি সৌদি পয়েন্ট পেতে চায়, তাহলে দলের ফুটবলারদের অভাবনীয় পরিবর্তন প্রয়োজন। কারণ রাশিয়ার বিরুদ্ধে যে ফুটবলের নমুনা তারা রেখেছিল, সেই ফুটবল যদি এই ম্যাচে খেলে, তাহলে চাপ বাড়বে এশীয় দেশটির উপর। কারণ বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে সৌদিকে।












Click it and Unblock the Notifications