গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কী খবর মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার, জেনে নিন
গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া। দু’টি দলই মরিয়া এই ম্যাচ থেকে জয় তুলে নিতে।
আজ গ্রুপ 'এফ'-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের লক্ষ্য ভিন্ন। একটা দল চাইবে এই ম্যাচ জিতে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিতে, অন্য দলের লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে বিশ্বকাপের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখা।

প্রথম দলটি নিঃসন্দেহে মেক্সিকো এবং অপর দলটি হল দক্ষিণ কোরিয়া। গত ম্যাচে অসাধারণ ফুটবল খেলে গত বিশ্বাকাপের চ্যাম্পিয়ন দল জার্মানিকে হারিয়ে দিয়েছে মেক্সিকো। বিশ্বকাপে নিজেদের শেষ ১৮টি গ্রুপ স্টেজের ম্যাচে মাত্র দু'টি হেরেছে মেক্সিকো। জিতেছে নয়টি এবং ড্র সাতটি ম্যাচে। ফলে এই পরিসংখ্যান ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াচ্ছে মেক্সিকোর।
ম্যাচের আগের দিন মেক্সিকোর কোচ জানান জার্মানির বিরুদ্ধে জিতলেও তাঁর দল অতিআত্মবিশ্বাসী হয়ে ওঠেনি। বরং বাস্তবের মাটিতে পা রেখেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামবে তারা। এছাড়া গত ম্যাচে কিছুটা গোড়ালিতে চোট পাওয়া ওচোয়াও পুরোপুরি ফিট। ফলে সম্পূর্ণ ফিট দল নিয়েই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামতে চলেছে মেক্সিকো। প্রতিপক্ষ সম্পর্কে শ্রদ্ধাশীল হলেও মেক্সিকো অধিনায়ক আত্মবিশ্বাসী এই ম্যাচ জেতার বিষয়ে।
মেক্সিকো শিবিরে যখন আত্মবিশ্বাসের ভরা, তখন দক্ষিণ কোরিয়া চাইছে লাতিন আমেরিকার এই দেশটিকে হারিয়ে যে কোনও মূল্যে তিন পয়েন্ট তুলে নিতে। কারণ এই ম্যাচে হার মানেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে এশিয়ার দেশটি। সেক্ষেত্রে দলের ফর্মেশনে বদল আনতে পারেন দক্ষিণ কোরিয়ার কোচ এবং দলে দু'টি পরিবর্তন আনার সম্ভবনা রয়েছে দক্ষিণ কোরিয়ার টিম ম্যানেজমেন্টের।
তবে মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে দক্ষিণ কোরিয়াকে আত্মবিশ্বাস জোগাচ্ছে মেক্সিকোর ধারাবাহিকতার অভাব। বিশ্বকাপে পর পর দুই ম্যাচে জয়ের নজির নেই মেক্সিকোর। আর এই রেকর্ড যাতে মেক্সিকোর বজায় থাকে সেই জন্য দল আপ্রাণ চেষ্টা চালাবে বলে জানান দক্ষিণ কোরিয়ার কোচ।












Click it and Unblock the Notifications