আজ মারকাটারি ফাইনালে মুখোমুখি জার্মানি ও আর্জেন্টিনা

অন্য কোনও সময় হলে হয়তো চোখ বুজে ঝুঁকে পড়া যেত আর্জেন্টিনার দিকে, যারা বরাবরই হট ফেভারিট। কিন্তু এ বার? সেমি ফাইনালে ব্রাজিলকে সাত গোলে পযুর্দস্ত করার পর অতি বড় সাহসীও স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। আর যারা রাতারাতি এমন ভেলকি দেখাতে পারে, তারাই হল জার্মানি!
বলা হয়, "ফুটবল ইজ আ টিম গেম।" হক কথা। কিন্তু তা বলে কি খেলোয়াড়রা চোখ টানবেন না? সবাই জানে, আজকে ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে তুলনা টানা হবে জার্মানির টমাস মুলারের সঙ্গে আর্জেন্টিরা লিওনেল মেসির। কার পায়ে জাদু বেশি, তা প্রমাণ করার দিন আজ। এ ছাড়া, আর্জেন্টিনার মাসচেরানো ও রোমেরো এবং জার্মানির লাম ও নুয়ার যথাক্রমে নজর কাড়বেন। দু'দলই চেষ্টা করবে নির্ধারিত সময়ে গোল করতে, যাতে টাই ব্রেকারে যেতে না হয়! কারণ টাই ব্রেকার মানে তো এক রকম জুয়া খেলা। সঠিক বিচার তো সেখানে হয় না!
ওয়াকিবহাল মহলের বক্তব্য, জার্মানির দু'টি প্লাস পয়েন্ট রয়েছে। প্রথমত, ওরা হল যোদ্ধার জাত। মরবে, তবু ছাড়বে না। দ্বিতীয়ত, দুশমনকে কখনও হালকাভাবে নেয় না জার্মানি। এটা সামরিক লড়াইয়ে হোক বা খেলার মাঠে! এখানেই তাদের বিশেষত্ব। এটা মনে করিয়ে দিয়েই জার্মানির ম্যানেজার তথা প্রাক্তন ফুটবলার অলিভার বিয়েরহফ বলেছেন, "আর্জেন্টিনার চোখে আগুন দেখেছি। আমরা এটা মনে রাখছি।"
অতএব তৈরি থাকুন। ভারতীয় সময় রাত সাড়ে বারোটা থেকে বিশ্বযুদ্ধের সাক্ষী হতে হবে যে!












Click it and Unblock the Notifications