ভারতের নির্বাসন এড়ানোর জন্য এআইএফএফকে সময়সীমা বেঁধে দিল ফিফা
সুপ্রিম কোর্ট এআইএফএফের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের প্রশাসকমণ্ডলীকে দায়িত্ব দিয়েছে সংবিধান চূড়ান্ত করা ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এবার সেই প্রশাসকমণ্ডলীকে সময়সীমা বেঁধে দিল ফিফা। ভারতীয় ফুটবল ও নিয়ামক সংস্থা এখন কোথায় দাঁড়িয়ে তা খতিয়ে দেখতে এ দেশে এসেছিল ফিফা ও এএফসির যৌথ প্রতিনিধিদল। তিনদিনের সফর শেষে আজ ফিফা সময়সীমা বেঁধে দিল ভারতের নির্বাসন এড়ানোর জন্য।

ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এআইএফএফের নতুন সংবিধান চূড়ান্ত করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচনে যাঁরা জিতবেন সেই কমিটিকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ফিফার তরফে। ফিফা-এএফসি যৌথ দল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, এই সময়সীমা না মানলে ভারত নির্বাসনের মুখে পড়বে। যার ফলে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও কেড়ে নেওয়া হবে।
এআইএফএফ পরিচালনার দায়িত্বে যাঁরা আসবেন তাঁরা যাতে বিশ্বকাপের আগে পর্যাপ্ত সময় পান সেটাই নিশ্চিত করতে চাইছে ফিফা। প্রশাসকমণ্ডলীকে এখন সবার আগে ৩১ জুলাইয়ের মধ্যে নতুন সংবিধান চূড়ান্ত করতে হবে। এজন্য সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বিভিন্ন রাজ্য সংস্থা। শীর্ষ আদালতে পরবর্তী শুনানির কথা ২১ জুলাই। তবে ডকেটে ২৩ জুলাই লেখা রয়েছে। সুপ্রিম কোর্ট সবুজ সঙ্কেত দিলে এক সপ্তাহের মধ্যে নতুন সংবিধানের অনুমোদন নিশ্চিত করে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট সংবিধানের খসড়া দেখে অনুমোদন করলেই সাতদিনের মধ্যে বিশেষ সাধারণ সভা ডাকা হবে বলেও ইতিমধ্যেই স্থির করা হয়েছে। এরপর তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে ফিফায়। সংবিধান অনুমোদিত হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে।
আরও জানা গিয়েছে, সংবিধান তৈরির প্রক্রিয়ায় যুক্ত সকলের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে ৩০ জুনের মধ্যে। খসড়া তৈরি করা হবে ৭ জুলাইয়ের মধ্যে। এরপর প্রস্তাবিত খসড়া সংবিধান ১৫ জুলাইয়ের মধ্যে তৈরি করা ফেলা হবে। যদি কারও কোনও আপত্তি থাকে তা ওই সময়ের মধ্যেই জানানো হবে। নাহলে গোটা প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকবে। ফিফা ও এএফসির প্রতিনিধিদলের সদস্যরা কথা বলেছেন আইএসএল ও আই লিগের ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গেও। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুই দফায় বৈঠক হয়েছে এআইএফএফের প্রশাসকমণ্ডলীর সঙ্গেও।












Click it and Unblock the Notifications