FIFA Rankings: সাফের সাফল্যে সুনীলের ভারত বিশ্বে ৯৯ নম্বরে, পাঁচ বছর পর ফিফা ক্রমতালিকায় বিরাট উত্তরণ
FIFA Rankings: ফিফা ক্রমতালিকায় সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতের বিরাট উত্তরণ। এক ধাপ উঠে এবার ভারতীয় ফুটবল দল বিশ্বে ৯৯ নম্বর স্থানটি দখল করল।
সাফ চ্যাম্পিয়নশিপে ইগর স্টিমাচের প্রশিক্ষণাধীন দল চ্যাম্পিয়ন হওয়ার সদর্থক প্রভাব পড়ল ফিফার দলগত র্যাঙ্কিংয়ে।

বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল সেমিফাইনালে হারিয়েছিল লেবাননকে। ফাইনালে জয় আসে কুয়েতের বিরুদ্ধে। ফিফার সদ্যপ্রকাশিত র্যাঙ্কিং তালিকায় দেখা যাচ্ছে ভারত উঠে এসেছে ৯৯-এ। ২০১৮ সালের পর আর ফিফা ক্রমতালিকায় ৯৯-র গণ্ডি স্পর্শ করতে পারেনি ভারতীয় দল।
ভারতের কোচ ইগর স্টিমাচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন, এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর জন্য। বিষয়টি আদৌ ফলপ্রসূ হবে কিনা তা স্পষ্ট নয়। কিন্তু শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলার স্ট্র্যাটেজি যে সফল তা ভারতের ফিফা র্যাঙ্কিংয়ে উত্তরণের মধ্যে দিয়েই পরিষ্কার।
লেবানন ২ ধাপ উঠে নতুন ক্রমতালিকায় রয়েছে ভারতের ঠিক নীচেই, ১০০ নম্বরে। কুয়েত চার ধাপ উঠে ১৩৭-এ। সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই পশ্চিম এশিয়ার দেশ লেবানন ও কুয়েতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতের এখন সবমিলিয়ে পয়েন্ট রয়েছে ১২০৮.৬৯।

ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের সেরা অবস্থান ৯৪। ১৯৯৬ সালে এই জায়গায় পৌঁছেছিল ভারতীয় ফুটবল দল। ৯৬ নম্বরে ভারত থেকেছে ২০১৭ ও ২০১৮ সালে। ১৯৯৩ সালে ভারত ৯৯ নম্বর স্থানটি দখল করেছিল। গত মাসে বিশ্বের প্রথম ১০০টি দলের মধ্যে ঠাঁই পায় ভারত। নতুন তালিকায় ১০০ থেকে উঠে আসা ৯৯ নম্বরে।
বিশ্বকাপজয়ী আর্জেন্তিনাই বিশ্বের ১ নম্বর দলের তকমাটি ধরে রেখেছে। মেসিদের পরে রয়েছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম। এশিয়ার দেশগুলির মধ্যে জাপান রয়েছে ২০ নম্বরে। ইরান রয়েছে ২২-এ। অস্ট্রেলিয়া রয়েছে ২৭ নম্বরে, কোরিয়ার অবস্থান ২৮-এ। সৌদি আরব রয়েছে ৫৪ নম্বর স্থানে।












Click it and Unblock the Notifications