আইএসএলে শেষ লগ্নের গোলে ওডিশা এফসিকে রুখে দিল এফসি গোয়া
আইএসএলে প্রথম চারে ওঠার আশা জিইয়ে রাখতে আজ এফসি গোয়া ও ওডিশা এফসি দুই দলেরই সুবিধা হতো তিন পয়েন্ট আদায় করতে পারলে। সেই লক্ষ্যের দিকে এগিয়েও যাচ্ছিল ওডিশা এফসি। কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ম্যাচের শেষ লগ্নে গোল পেয়ে ওডিশাকে রুখে দিল গোয়া। খেলার ফল ১-১।

ব্যাম্বোলিমে এদিনের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও উপভোগ্য খেলা হলো। তবে আধিপত্য ছিল এফসি গোয়ারই। একের পর এক আক্রমণ শানিয়ে ওডিশার অর্ধে চাপ তৈরি করছিল ডেরেক পেরেরার দল। ব্র্যান্ডন ফার্নান্ডেজ, আইরাম ক্যাব্রেরাকে বিপজ্জনক মনে হচ্ছিল। বেশ কয়েকটি গোলের ভালো সুযোগ তৈরি হয়েছিল। ওডিশার গোলকিপার অর্শদীপ সিং কয়েকটি ভালো সেভ করে দলের বিপদ ঠেকান। ওডিশা এফসি প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি, এমনকী বিপক্ষ গোলকিপার নবীন কুমারকে তেমন চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেনি। যদিও দুই দলই তিন পয়েন্ট পেতে মরিয়া থাকায় টানটান খেলাই হচ্ছিল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে জনাথাস-আরিদাস-জাভি ত্রয়ী এফসি গোয়া রক্ষণকে চাপের মুখে ফেলতে থাকে। তারই সুবাদে ম্যাচের ৬০ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নিতে সক্ষম হয় ওডিশা এফসি। আলবার্তো নগুয়েরা জাভি হার্নান্ডেজকে বক্সে ফাউল করায়। ৬১ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন জনাথাস ক্রিশ্চিয়ান। এরপর সমতা ফেরানোর মরিয়া লড়াই চালাতে থাকে এফসি গোয়া। পরপর আক্রমণ শানালেও গোলমুখ খুলছিল না। ৯০ মিনিটে ওডিশা ১-০ গোলে এগিয়ে ছিল, চার মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। জনাথাস নিজের দ্বিতীয় গোলটি করার সুযোগ নষ্ট করার পর প্রতি আক্রমণে এসে আইরাম ক্যাব্রেরার মাপা ক্রসে মাথা ছুঁইয়ে সমতা ফেরান আলেকজান্ডার রোমারিও জেসুরাজ। একেবারে শেষ লগ্নের গোলে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।

এদিনের ম্যাচ ড্র হওয়ায় ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ওডিশা এফসি। এফসি গোয়া ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রইল নবম স্থানে। কাল এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। চেন্নাই রয়েছে আটে, ইস্টবেঙ্গল ১১ নম্বরে।












Click it and Unblock the Notifications