Ronaldinho: মমতাকে জার্সি দিয়ে সৌরভের কাছে ক্রিকেট শেখা! পুজোর কলকাতায় রোনাল্ডিনহোর আর কী প্ল্যান?
Ronaldinho Exclusive: ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপার রোনাল্ডিনহো চূড়ান্ত করে দিলেন কলকাতা সফর। চলতি মাসের মাঝামাঝিই তিনি পা রাখছেন কলকাতায়। দুর্গাপুজোর সময় তিনি কোথায় যাবেন, কী করবেন তা বিস্তারিত জানালেন ফেসবুক।
স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তর উদ্যোগেই ফুটবলের মক্কায় আসছেন রোনাল্ডিনহো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জার্সি উপহার দেওয়ার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ক্রিকেট শেখার পরিকল্পনা রয়েছে রোনাল্ডিনহোর।

রোনাল্ডিনহো আগে ভারতে বেশ কয়েকবার এলেও এই প্রথমবার কলকাতায় আসছেন। বিভিন্ন চ্যারিটির অনুষ্ঠানে যোগ দেবেন বলে তিনি ফেসবুক বার্তায় জানিয়েছেন। মার্লিন রাইজে আর টেন ফুটবল আকাদেমিতে খুদে ফুটবলারদের সঙ্গে তিনি সময় কাটাবেন। ফুটবলের মানোন্নয়নে এই ধরনের ফুটবল ক্লিনিকের পরিকল্পনার কথা শতদ্রু আগেই জানিয়েছিলেন।
দুর্গাপুজোর কলকাতা কাঁপবে সাম্বা ম্যাজিকে। বাংলার দুর্গাপুজোর কার্নিভালের সাক্ষী রোনাল্ডিনহো হতে না পারলেও পুজোর সময় বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত হতেও মুখিয়ে রয়েছেন রোনাল্ডিনহো। তিনি জানিয়েছেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আহিরীটোলা যুবক বৃন্দর পাশাপাশি বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়ার পুজোমণ্ডপে তিনি হাজির হবেন।
উল্লেখ্য, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের পুজো বলেই পরিচিত। আর শতদ্রুর বাড়ি হুগলির রিষড়ায়। পেলে, মারাদোনা, ভালদেরামা, দুঙ্গা, কাফু, এমিলিয়ানো মার্তিনেজদের মতো বিশ্বকাপাররা বাংলায় এসেছেন শতদ্রুর উদ্যোগেই। লিওনেল মেসিকেও অদূর ভবিষ্যতে বাংলায় দ্বিতীয়বার নিয়ে আসার প্রচেষ্টাও চালাচ্ছেন শতদ্রু।

এ সবের পাশাপাশি বল পায়েও দেখা যাবে রোনাল্ডিনহোকে। অংশ নেবেন চ্যারিটি ফুটবল ম্যাচে। এ ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি-র ফুটবল মাঠেও যাবেন রোনাল্ডিনহো। স্পনসরদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানেও হাজির হবেন। ফুটবলের প্রসারের লক্ষ্যেই তাঁর এই সফর বলে জানিয়েছেন রোনাল্ডিনহো।
কলকাতায় প্রচুর ব্রাজিল সমর্থক রয়েছেন বলেও জানতে পেরেছেন রোনাল্ডিনহো। সেই সমর্থকদের সঙ্গেও মিলিত হওয়ার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি জার্সি তুলে দিতে চান। ক্রিকেটের জনপ্রিয়তা সম্পর্কেও অবহিত রোনাল্ডিনহো। বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে শিখতে চান ক্রিকেট।
সাকেত মোহতার সঙ্গে পার্টনারশিপেই কল্লোলিনী তিলোত্তমায় রোনাল্ডিনহো আকাদেমি খুলেছেন। সিটি অব জয়ে তাঁর এই সফর নিশ্চিত করার জন্য রোনাল্ডিনহো ধন্যবাদ জানিয়েছেন শতদ্রুকে। ফেসবুক বার্তার শেষে তিনি লিখেছেন. আমি তোমাদের ভালোবাসি। ফলে বাংলার বুকে আরও এক বিশ্বকাপারের আগমনের কাউন্টডাউন শুরু হয়েই গেল।
ক্রিকেট বিশ্বকাপের ভরা মরশুমে দুর্গাপুজো আর ফুটবলের মিশেলে সাম্বা ম্যাজিক হতে চলেছে জমজমাট।












Click it and Unblock the Notifications