Exclusive: কলকাতায় আসছেন আরও এক বিশ্বকাপার? মেসির আর্জেন্তিনার গোলকিপারের আগমন ঘিরে তুঙ্গে জল্পনা
এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন। এবার তাঁকে কলকাতায় আনার উদ্যোগ।
এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martínez)। কোপা আমেরিকার পর কাতারে ফিফা বিশ্বকাপেও তিনি পেয়েছেন সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ে অবদান রাখা সেই গোলকিপারকেই এবার কলকাতায় আনার উদ্যোগ। শুরু হয়েছে কথাবার্তা। সব কিছু ঠিকঠাক চললে তিনি জুনেই কলকাতায় আসবেন।

কলকাতায় আরও এক বিশ্বকাপার?
বিশ্বকাপের আগে কলকাতায় ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুকে নিয়ে এসেছিলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। এ ছাড়া তাঁর উদ্যোগে শহরে এসেছেন পেলে থেকে মারাদোনা, ভালদেরামা থেকে দুঙ্গার মতো বিশ্বকাপাররা। তবে বিশ্বকাপ জেতার কয়েক মাসের মধ্যেই কলকাতায় সেই বিশ্বকাপজয়ী দলের সদস্যের আসার নজির নেই। সেই নিরিখে ইতিহাসের প্রহর গোনার পালা শুরু হয়ে গেল।

কথা মার্তিনেজের টিমের সঙ্গে
শতদ্রু দত্ত ইংল্যান্ড হয়ে বার্সেলোনায় গিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে সোনার গ্লাভ পুরস্কার পাওয়ার ছবিটি পোস্ট করেন। যা দেখে বুঝতে অসুবিধা হয়নি শতদ্রুর পরবর্তী টার্গেট এমিলিয়ানো মার্তিনেজই। আজ ওয়ানইন্ডিয়া বাংলাকে বার্সেলোনা থেকে শতদ্রু জানান, মার্তিনেজের টিমের সঙ্গে কথা হয়েছে। জুন মাসটা অফ সিজন। এই সময় একাধিক অনুষ্ঠানে যোগদানের প্রস্তাব থাকে। মার্তিনেজের কাছেও ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে যাওয়ার প্রস্তাব রয়েছে। তবে আমি যে তাঁকে ভারতে আসার প্রস্তাব দিয়েছি তা ইতিবাচক ভাবেই তাঁরা দেখছেন। আলোচনা চলছে। সব কিছু ঠিকঠাক চললে জুনেই বাংলায় পা রাখবেন মার্তিনেজ।
বিশ্বকাপের সেরা গোলকিপার
ফিফার বিচারে বিশ্বকাপের সেরা গোলকিপার হওয়ার পর পুরস্কার নিয়ে মার্তিনেজের অঙ্গভঙ্গি নিয়ে বিতর্কও হয়। যদিও মার্তিনেজের যুক্তি ছিল, খেলা চলাকালীন তাঁকে যাঁরা বিদ্রুপ করছিলেন, তাঁদের পাল্টা দিতে ওইভাবে অঙ্গভঙ্গি করা। যদিও তাঁর গোলকিপিং মুগ্ধ করে তামাম ফুটবলপ্রেমীকে। ২০২১ সালে আর্জেন্তিনার সিনিয়র দলে অভিষেক হয় মার্তিনেজের। পেনাল্টি রুখতে তাঁর দক্ষতা বারেবারেই প্রশংসিত হয়েছে। কোপা আমেরিকার সেমিফাইনালে তিনি কলম্বিয়ার বিরুদ্ধে তিনটি স্পট কিক রুখে দেন। ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধেও গোল হজম করেননি। সেবার ১-০ গোলে কোপা আমেরিকা জেতে আর্জেন্তিনা।

আর্জেন্তিনার স্তম্ভ
গত বছর ফাইনালিসিমায় ইতালির বিরুদ্ধে ক্লিন শট বজায় রাখেন মার্তিনেজ। ফিফা বিশ্বকাপে আর্জেন্তিনার প্রতিটি ম্যাচেই খেলেছেন অ্যাসন ভিল্লার এই তরুণ গোলকিপার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে তিনি দুটি শট বাঁচান। ফাইনালেও তিনি দুরন্ত গোলকিপিং করেন। অতিরিক্ত সময়ে রান্ডাল কোলো মুয়ানি একা পেয়েও মার্তিনেজকে পরাস্ত করতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে তিনি বাঁচিয়ে দেন কিংসলে কোম্যানের শট। কলকাতা তথা বাংলায় ব্রাজিল ও আর্জেন্তিনার সমর্থকই বেশি। কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলে গিয়েছে আর্জেন্তিনা দল। এবার বিশ্বকাপজয়ী মেসির আর্জেন্তিনার অন্যতম স্তম্ভ তথা ২০২০-২১ মরশুমে অ্যাস্টন ভিল্লার প্লেয়ার অব দ্য সিজন মার্তিনেজের বাংলায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
(ছবি- শতদ্রু দত্ত)












Click it and Unblock the Notifications