Exclusive: এমিলিয়ানো মার্তিনেস কলকাতায় আসছেন, আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী তারকার সফরসূচি জানুন
কলকাতায় আগেও এসেছেন অনেক বিশ্বকাপার। বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তিরাও এসেছেন। তবে বিশ্বকাপ জেতার কয়েক মাসের মধ্যে সেই দলের তারকা কলকাতা তথা ভারতে পা রেখেছেন তার নজির নেই। সেটাই এবার হতে চলেছে।
পেলে, মারাদোনা, কাফু, দুঙ্গা, ভালদেরামাদের কলকাতায় আনা ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত লন্ডন থেকে ফোনে ওয়ানইন্ডিয়া বাংলাকে জানালেন, আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের কলকাতায় আগমনের চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে।

(ছবি সৌজন্য- শতদ্রু দত্ত)
লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্স, অসাধারণ নেতৃত্ব আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের দীর্ঘ খরা মিটিয়েছে। সেই সাফল্যের অন্যতম কাণ্ডারী হলেন গোলকিপার এমি মার্তিনেস। ফাইনাল-সহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তাঁর অসাধারণ কিছু গোল বাঁচানো, টাইব্রেকার থেকে দলের জয় সুনিশ্চিত করার মধ্যে দিয়ে সেরা গোলকিপার হিসেবে সোনার গ্লাভ জেতেন মার্তিনেস।

মার্তিনেস খেলেন অ্যাস্টন ভিলায়। কাল টটেনহ্যামের সঙ্গে ম্যাচ রয়েছে। স্টেডিয়ামে থাকবেন শতদ্রু দত্ত। ম্যাচের পরে মার্তিনেসের সঙ্গে শতদ্রুর সাক্ষাতেরও কথা রয়েছে। শতদ্রু দত্ত বললেন, আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ে লিওনেল মেসি সবার আগে। তবে আর্জেন্তিনার দুর্গরক্ষা করে বিশ্বকাপ জেতানোয় অবদান রাখা মার্তিনেসকে শহরে আনার পরিকল্পনা অনেক দিনের।

শতদ্রুর কথায়, আমি বিশ্বকাপ ফাইনাল দেখতেও গিয়েছিলাম। তাঁর অনবদ্য সেভগুলি আর্জেন্তিনার চ্যাম্পিয়ন হওয়ার পথ প্রশস্ত করে। তাঁর কলকাতায় আসার চুক্তি চূড়ান্ত হয়েছে। ঠিক কবে তিনি আসবেন তা নির্ভর করছে আর্জেন্তিনার ফিফা ফ্রেন্ডলি ম্যাচের সূচির উপর। প্রাথমিকভাবে ঠিক রয়েছে জুনের ২০ ও ২১ তারিখ মার্তিনেস কলকাতায় থাকবেন। নয়তো জুলাইয়ের প্রথমে।

বিশ্বকাপের আগে শতদ্রুর উদ্যোগেই কলকাতায় এসেছিলেন ব্রাজিলের শেষবার বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। তিনি মহমেডান স্পোর্টিং মাঠে ফুটবলও খেলেছেন কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের প্রীতি ম্যাচে। তবে এমিলিয়ানো মার্তিনেস যেহেতু এখনও খেলছেন, ফলে তাঁর মাঠে নামা হবে না। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শতদ্রু দত্ত বলেন, আমার বন্ধু বিকাশ সিং ক্যান্সারের কাছে হার মেনেছেন। তাঁর কথা মাথায় রেখে তাঁর পরিবারের পাশে থাকতে মার্তিনেসের সফরের সময় রিষড়ায় কিছু করার পরিকল্পনা রয়েছে। মার্তিনেস সমাজসেবায় যুক্ত, নিজের ফাউন্ডেশনের মাধ্যমে চ্যারিটেবল নানা কাজকর্মে প্রচুর অর্থ খরচ করেন। কলকাতায় চ্যারিটির কিছু কর্মসূচিতে যোগ দেবেন মার্তিনেস।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ জার্সি আনছেন মার্তিনেস। শতদ্রু বলেন, আমার কোনও কাজ দাদাকে (সৌরভ) ছাড়া হয় না। দাদা ওই সময় কলকাতায় থাকলে নিশ্চিতভাবেই মার্তিনেসের সঙ্গে তাঁর সাক্ষাতের বন্দোবস্ত করব। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপে প্রধান অতিথি হিসেবে থাকবেন মার্তিনেস।
বাংলার ফুটবলের সাপ্লাই লাইন জোরদার করতেও মার্তিনেসকে সামনে রেখে কিছু পরিকল্পনা থাকছে। মার্তিনেসের সফরের চূড়ান্ত সূচি শীঘ্রই ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications