করোনার জেরে ইতালিতে বন্ধই হল রোনাল্ডোদের খেলা, বাতিল সব ইভেন্ট
করোনার জেরে ইতালিতে বন্ধই হল রোনাল্ডোদের খেলা, বাতিল সব ইভেন্ট
নোবেল করোনা ভাইরাসের লাগামছাড়া বৃদ্ধি ও এর নেতিবাচক প্রভাবের জেরে উদ্বিগ্ন ইতালি সরকার অবশেষে চরম সিদ্ধান্ত নিয়েই ফেলল। ঐতিহ্যমণ্ডিত সিরি এ সহ দেশে সব ধরনের ক্রীড়া ইভেন্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো পদক্ষেপ করতে চলেছে ইতালির শীর্ষ ক্রীড়া সংস্থাগুলি।

করোনার ভয়াবহতা
নোবেল করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বে এখনও পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্ত হয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ। শুধু চিনেই করোনার জেরে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও খবর।

বিধ্বস্ত ইতালি
করোনার ভয়াবহ প্রভাবের নিরিখে চিনের পরের ধাপেই রয়েছে ইতালি। মারণ ভাইরাসের প্রভাবে এই দেশে এখনও পর্যন্ত ৩৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৩৭৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইতালি সরকার।

ফাঁকা স্টেডিয়াম
করোনার প্রভাবেও প্রথমে দেশে খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি ইতালি সরকার। বরং ফাঁকা স্টেডিয়ামে ঐতিহ্যমণ্ডিত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো গত রবিবার ইতালিতে ফুটবল ম্যাচ শুরু হয়। ফাঁকা স্টেডিয়ামে সিরি এ-র পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এখনও প্রতিযোগিতার ১২ রাউন্ড খেলা বাকি। লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস, দ্বিতীয় স্থানাধিকারী লাজিও-র থেকে মাত্র এক পয়েন্টে এগিয়ে রয়েছে।

স্থগিত খেলা
তবে করোনা যেভাবে লাগামছাড়া হচ্ছে তাতে উদ্বিগ্ন হয়ে অবশেষে সিরি এ সহ দেশের সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এই পরিস্থিতিতে সেখানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজন করার ক্ষেত্রেও অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের
উল্লেখ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল সিরি এ। তারপর থেকে এখনও পর্যন্ত এমন দৃষ্টান্ত আর তৈরি হয়নি। নোবেল করোনার জেরে এমন দৃষ্টান্ত ফের তৈরি হওয়ায় হতাশ ইতালির ফুটবল প্রেমীরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা বন্ধ থাকবে, তা ভেবে অস্থির হচ্ছে ফুটবল বিশ্ব।












Click it and Unblock the Notifications