রোনাল্ডোদের বোতল-কাণ্ডে কড়া উয়েফা, মজাদার বিজ্ঞাপনী প্রচারে আমুল ও ফেভিকল
পথ দেখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই পথেই হাঁটেন পল পোগবা ও লোকাতেল্লি। তিন তারকা ফুটবলার সাংবাদিক সম্মেলনে এসে স্পনসরদের পানীয়র বোতল সরানোয় অস্বস্তিতে পড়ে উয়েফা। অবশেষে কড়া বার্তাই পাঠানো হল ইউরোয় অংশগ্রহণকারী ২৪টি দলের কাছে। এদিকে, রোনাল্ডোর এই বোতল সরানো, যা ইতিমধ্যেই বটলগেট কাণ্ড বলে সুবিদিত হয়েছে, তাকেই বিজ্ঞাপনী প্রচারে কাজে লাগাচ্ছে ভারতীয় সংস্থা আমুল ও ফেভিকল।

পথ দেখান রোনাল্ডো
কোকাকোলার বোতল সরিয়ে পরিশুদ্ধ পানীয় জল পান করার বার্তা দিয়েছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানা যায়, রোনাল্ডো এমনটা করায় কোকাকোলার ৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। কোকাকোলার তরফে আরও বলা হয়েছিল সাংবাদিক সম্মেলনে টেবিলে জিরো সুগার ও সাধারণ কোকাকোলার বোতল ছাড়াও পানীয় জল রাখা থাকে। যাঁর যেটা ইচ্ছা তিনি সেটিই ব্যবহার করতে পারেন।

বোতল সরানোর হ্যাটট্রিক
রোনাল্ডো ছাড়াও ইতালির লোকাতেল্লিও কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন। পল পোগবা এসে সরিয়ে দিয়েছিলেন অপর স্পনসর হিনেকেনের বিয়ারের বোতল। ধর্মপ্রাণ মুসলিম পোগবা অ্যালকোহল সেবন করেন না, যদিও হিনেকেনের দাবি ওই বিয়ারে অ্যালকোহলের শতকরা ভাগ ০.০।

কড়া উয়েফা
পরপর তিনদিন এভাবে ফুটবলাররা স্পনসরদের পানীয়র বোতল, যা কৌশলগতভাবে টেবিলে রাখা থাকে, তা সরিয়ে দেওয়ায় নড়েচড়ে বসেছে উয়েফা। ইউরোয় অংশগ্রহণকারী দলগুলিকে সাফ বার্তা দিয়েছে, এভাবে স্পনসরদের বোতল সরানো যাবে না। কেন না, টুর্নামেন্ট আয়োজন-সহ ইউরোপের ফুটবলে প্রচুর বিনিয়োগ করে এই সংস্থাগুলি। আরও জানা গিয়েছে, এরপরও কোনও ফুটবলার এমন কাণ্ড ঘটালে বড় জরিমানার পথেও হাঁটতে পারে উয়েফা।

ফেভিকলের প্রচারে
এদিকে, রোনাল্ডোর এই বোতল সরানো নিয়ে ভারতীয় দুই সংস্থা আমুল ও ফেভিকল, যারা বিজ্ঞাপনে নানা মজাদার ছবি ও ক্যাপশন তুলে ধরে, তারা এই ইস্যুটিকেও হাতছাড়া করেনি। সোশ্যাল মিডিয়ায় ফেভিকলের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, সাংবাদিক সম্মেলনের ফাঁকা চেয়ারের সামনে টেবিলে রাখা দুটি ফেভিকলের কৌটো। ক্যাপশনে লেখা, না বটল হটেগি, না ভ্যালুয়েশন ঘটেগি। অর্থাৎ বোতলও সরবে না, বাজারমূল্যও কমবে না।

আমুলের বার্তা
পিছিয়ে নেই আমুল। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের হাতেগরম টাটকা ঘটনা বরাবরই উঠে আসে আমুলের বিজ্ঞাপনে। এবারও ব্যতিক্রম হয়নি। ফুটবলের উপর হাতে ভর রেখে আমুল-কন্যা এই বার্তাই দিয়েছে, যে আমরা কারও আবেগকে বোতলবন্দি করি না।
ছবি- টুইটার












Click it and Unblock the Notifications