কাপ নিয়ে রোমে ফিরল চ্যাম্পিয়ন ইতালি, ইউরোর ইতিহাসে নজির সেরা দন্নারুম্মার
হোম না রোম, ইউরো কাপ কোথায় থাকবে তা নিয়ে রবিবাসরীয় ফাইনালের আগে থেকেই শুরু হয়েছিল চর্চা। প্রথমবার ইউরো ফাইনাল উঠে লন্ডনের ওয়েম্বলিতে হ্যারি কেনের ইংল্যান্ড কাপ 'হোম'-এই রেখে ইতিহাস গড়বে, নাকি ইতালি কাপ নিয়ে যাবে রোমে তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছিল নানা জল্পনা, তর্ক-বিতর্ক। অবশেষে ইউরো গেল রোমেই।

ইউরো চ্যাম্পিয়ন ইতালি
ইউরো কাপ ফাইনাল শেষের কয়েক ঘণ্টার মধ্যেই রোমে ফিরল মানচিনির প্রশিক্ষণাধীন চ্যাম্পিয়ন ইতালি। আজ সকালেই জর্জো কিয়েলিনিরা দেশে পৌঁছেছেন। বিমানবন্দর থেকেই তাঁদের রাজকীয় অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন ফুটবলপ্রেমীরা। এটি ইতালির দ্বিতীয় ইউরো কাপ। ফাইনালে পিছিয়ে পড়ে সমতা ফেরানোর পর টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে। ৫৩ বছর পর ইতালি ইউরো জয়ের স্বাদ আবার পেল। ১৯৬৮ সালে শেষবার ইউরো জেতে আজুরিরা। এ ছাড়া১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে ইতালি বিশ্বকাপ জেতে। ফলে ২০০৬ সালের পর ফের কোনও মেজর ইতালি জিতল।

উল্লাসে মাতোয়ারা রোম
ফাইনাল উপলক্ষে রোমে ফ্যান জোনের ব্যবস্থা রাখা হয়েছিল। কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে সকলের মনে যে চাপা উৎকণ্ঠা ছিল তা কেটে যায় বুকায়ো সাকার শট জিয়ানলুইজি দন্নারুম্মা রুখে দিতেই। ১৯৬৬ সালের পর প্রথম মেজর চ্যাম্পিয়ন। পতাকা উড়িয়ে উল্লাসে মাতোয়ারা হন সকলে। আনন্দে একে অপরকে আলিঙ্গন করেন। আতসবাজির রোশনাইয়ে মেতে গোটা রাত ধরে চলে উৎসব, স্ট্রিট পার্টি।

রাজকীয় অভ্যর্থনা
আজ সকালে ফিয়ামাইসিমো বিমানবন্দরে পৌঁছয় চ্যাম্পিয়নদের বিমান। একে একে ফুটবলার ও সাপোর্ট স্টাফরা নেমে আসতেই সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। জয়ধ্বনির মাধ্যমে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। এরপর টিম হোটেলে পৌঁছায় ইউরো চ্যাম্পিয়ন ইতালি দল। হোটেলের বাইরেও প্রচুর সমর্থক চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। রবার্তো মানচিনির দল আপাতত ৩৪টি ম্যাচে অপরাজেয় রয়েছে।

সেরা দন্নারুম্মা
ইউরো কাপে সেরা গোলকিপারকে পুরস্কৃত করার চল নেই। তবুও ফাইনালে দুই দলের গোলকিপারের দিকেই ছিল সকলের নজর। টানা ৭২১ মিনিট অপ্রতিরোধ্য থেকে সেমিফাইনালে ডেনমার্ক ম্যাচে প্রথম গোল হজম করেছিলেন জর্ডান পিকফোর্ড। ইতালির জিয়ানলুইজি দন্নারুম্মার গোলকিপিংও প্রশংসা কুড়িয়েছিল। টাইব্রেকারের শেষে নায়ক দন্নারুম্মা। ২২ বছরের গোলকিপার এসি মিলান ছেড়ে পিএসজি-তে যোগ দেবেন ইউরোর সেরা ফুটবলার নির্বাচিত হয়ে। তিন ম্যাচে ক্লিনশিট আগেই ছিল, টাইব্রেকারে বাঁচান স্যাঞ্চো ও সাকার শট। ১৯৯২ সালে পিটার শ্মাইকেলের পর ইউরোর ইতিহাসে এই প্রথম কোনও গোলকিপার হলেন টুর্নামেন্টের সেরা। সব দলের ফুটবলারদের মধ্যে এবারের ইউরোতে সবচেয়ে বেশি ৭২০ মিনিট খেলেছেন তিনি। দন্নারুম্মা বলেন, আমরা দারুণ খেলেছি। বিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়িনি। এই সাফল্যের আমরা যোগ্য।












Click it and Unblock the Notifications