Euro Cup 2024: 'সুপার সাব' ওয়াটকিন্স ইউরো ফাইনালে তুললেন ইংল্যান্ডকে, গোলটি নিয়ে দিলেন চমকপ্রদ তথ্য
Euro Cup 2024: ইউরো কাপের ফাইনালে রবিবার বার্লিনে স্পেনের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের দল ইউরোয় উপর্যুপরি ফাইনালে ৫৮ বছরের ট্রফির খরা মেটাতে চাইছে।
হ্যারি কেনের পেনাল্টি থেকে করা গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। তারপর কেনের পরিবর্তে নামা অলি ওয়াটকিন্স ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেন। ইংল্যান্ডের জয় ২-১ গোলে।
ওয়াটকিন্সের জয়সূচক গোলটিতে রয়েছে কোল পামারের অ্যাসিস্ট। পামারের পায়ে বল যেতেই কী হতে চলেছে তা বুঝে গিয়েছিলেন বলে দাবি করলেন ওয়াটকিন্স। কেন না, আগেই পামারের সঙ্গে তাঁর বোঝাপড়া হয়ে গিয়েছিল!
আইটিভি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াটকিন্স বলেন, আমি কয়েক সপ্তাহ ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আমি আজ যেখানে সেখানে আসার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ। এর সদ্ব্যবহার করতে পারায় আমি খুশি।
এরপরই ওয়াটকিন্স বলেন, আমি আমার জীবন, আমার পুত্রের জীবনকে দিব্যি রেখে বলছি, পামার যে আমার জন্য গোল করার পরিস্থিতি তৈরি করে দেবেন তা তাঁকে আগেই বলেছিলাম। সে কারণে কোলের জন্য ভালো লাগছে। যখনই কোল বল পেয়েছিলেন, তখনই নিশ্চিত ছিলাম বল আমার কাছে আসতে চলেছে।
ওয়াটকিন্সের কথায়, বলটা পাওয়ার পর দরকার ছিল টাচ আর ফিনিশ। বল জালে জড়াতেই সেরা অনুভূতির সাক্ষী থাকলাম। এবারের ইউরো কাপে পরিবর্ত নামাতে দেরি করার জন্য সমালোচিত হচ্ছেন ইংল্যান্ড কোচ গ্য়ারেথ সাউথগেট। যদিও এ ক্ষেত্রে হেড কোচের ঢাল হয়ে দাঁড়ালেন ওয়াটকিন্স।
ইংল্যান্ডকে ফাইনালে তোলার নায়ক বলেন, প্রচুর সমালোচনা থাকতেই পারে। কিন্তু আমরা এখন ফাইনালে। ফলে বাইরে কে কী বলছেন তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমাদের লক্ষ্য ফাইনাল জেতা। আমাদের দলে বিশেষ কিছু রয়েছে, যার ফলেই আমরা ঘুরে দাঁড়াতে পারছি।
ওয়াটকিন্সের দাবি, "এক গোলে পিছিয়ে পড়লেই গিয়ার বদল হচ্ছে আমাদের। আমরা হাল ছাড়তে নারাজ। পেনাল্টি শ্যুটআউটে জিতেছি। পিছিয়ে পড়ে জিতেছি। আর একটাই ম্যাচ বাকি। আমরা স্পেন ম্যাচের জন্য প্রস্তুত।"
ইউরো কাপে নক আউটে জয়সূচক গোলের ক্ষেত্রে ওয়াটকিন্স নজির গড়েন। ৮১ মিনিটে পরিবর্ত হিসেবে নামেন। চতুর্থবার বল পেয়েই গোল ৮৯ মিনিট ৫৯ সেকেন্ডে। এর আগে, ২০০৮ সালের সেমিফাইনালে তুরস্কের বিরুদ্ধে জার্মানির জয়সূচক গোল ফিলিপ লাম করেছিলেন ৮৯ মিনিট ৩০ সেকেন্ডে।













Click it and Unblock the Notifications