ইউরো কাপে স্লোভাকিয়াকে হারিয়েই বিতর্কিত ইঙ্গিত! ইংল্যান্ডের পরিত্রাতা বেলিংহ্যাম উয়েফার তদন্তের মুখে
Euro Cup 2024: ইউরো কাপে ইংল্যান্ডের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন জুড বেলিংহ্যাম। পিছিয়ে থাকা ম্যাচে ইনজুরি টাইমের ৫ মিনিটে ওভারহেড কিকে গোল করে।
এরপর অতিরিক্ত সময়ের শুরুতেই হ্যারি কেন গোল করায় স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে ছিটকে দেয় থ্রি লায়ন্স। মেলে কোয়ার্টার ফাইনালের টিকিট। তবে তারই মধ্যে অস্বস্তি ও চিন্তা বাড়ল বেলিংহ্যামকে নিয়ে।
বেলিংহ্যাম বিশ্বমানের যে গোলটি করেছিলেন তা নিয়ে চর্চার মধ্যেই শুরু হয়েছে তাঁকে নিয়ে বিতর্ক। ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে, নিজের ডান হাতে চুমু খেয়ে সেটি পুরুষাঙ্গের কাছে নিয়ে গিয়ে কিছু ইশারা করতে। তাতেই তাঁর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
কোথাও দাবি করা হয়েছে ম্যাচের শেষ বাঁশি বাজার পরেই এই ঘটনা। আবার কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, গোল করে সমতা ফেরানোর পরেই অমন ইঙ্গিত করেন বেলিংহ্যাম। অভিযোগ, এমন কুইঙ্গিত তিনি করেছিলেন স্লোভাকিয়ার বেঞ্চের দিকে তাকিয়েই। ফুটবলার, কোচিং স্টাফ ও সমর্থকদের ইংল্যান্ডের তারকা অসম্মান করেছেন বলে অভিযোগ।
🥱❌- An inside joke gesture towards some close friends who were at the game. Nothing but respect for how that Slovakia team played tonight.🤝🏽 https://t.co/H8sETMkPoi
— Jude Bellingham (@BellinghamJude) June 30, 2024
বিতর্কের মুখে পড়ে সাফাই দিতে গিয়ে এক্স হ্যান্ডলে বেলিংহ্যাম লেখেন, মাঠে উপস্থিত ঘনিষ্ঠ বন্ধুদের দিকে তাকিয়ে কিছু মজা করছিলাম। এতে স্লোভাকিয়া দলকে অসম্মানের প্রশ্নই ওঠে না। স্লোভাকিয়া যেভাবে খেলেছে তাতে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা ছাড়া কিছুই হতে পারে না।
যদিও এতে বিতর্কের আগুন নেভেনি। উয়েফার তরফে বেলিংহ্যামের আচরণ খতিয়ে দেখা হবে। উয়েফার তরফে জানানো হয়েছে, উয়েফার এথিক্স ও ডিসিপ্লিনারি ইনস্পেক্টর শৃঙ্খলাজনিত তদন্ত প্রক্রিয়া চালাবেন। জুড বেলিংহ্যাম আচরণবিধি কোনওভাবে লঙ্ঘন করেছিলেন কিনা তা নিশ্চিত হতে স্লোভাকিয়া ম্যাচে তাঁর আচরণ খতিয়ে দেখা হবে।
আর তাতেই চিন্তা বাড়ছে ইংল্যান্ডের। গ্যারেথ সাউথগেটের দল শনিবার সেমিফাইনাল খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ড শিবিরে প্রার্থনা বেলিংহ্যামকে যেন শাস্তির মুখে পড়তে না হয়।ইএসপিএনের প্রতিবেদনে উল্লেখ, দোষী সাব্যস্ত হলেও ম্যাচ খেলা থেকে বঞ্চিত হবেন না বেলিংহ্যাম। কেন না, একই ধরনের ইঙ্গিতের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আতলেতিকো মাদ্রিদের ম্য়ানেজার দিয়েগো সিমিওনের ২০ হাজার ইউরো জরিমানা হয়েছিল। খেলায় নিষেধাজ্ঞা জারি হয়নি।













Click it and Unblock the Notifications