Euro Cup 2024: ইউরো কাপে জয় দিয়ে অভিযান শুরু তুরস্কের, পরাস্ত জর্জিয়া
Euro Cup 2024: ইউরো কাপে জয় দিয়ে অভিযান শুরু করল তুরস্ক। হারাল জর্জিয়াকে। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১। শেষ অবধি তুরস্কের জয় এলো ৩-১ গোলে।
মের্ত মুলদুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। সমতা ফিরিয়েছিলেন জর্জেস মিকাউতাডজে। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন আরদা গুলের ও মহম্মদ কেরেম আকতুরকোগলু।

তুরস্ক ম্যাচটি খেলতে নেমেছিল ফেভারিট হিসেবেই। ২৫ মিনিটে মুলদুরের চমকপ্রদ ভলি বাঁচানোর পথ খুঁজে পাননি জর্জিয়ার গোলকিপার জিয়র্জি মামারদাশভিলি। এই প্রথম কোনও মেজর টুর্নামেন্ট খেলছে জর্জিয়া। তারা গোল হজমের মিনিট সাতেক পরেই সমতা ফেরায়।
৩২ মিনিটে মিকাউতাডজে জিয়র্জি কোচোরাশভিলির ক্রসকে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন অসাধারণ দক্ষতায়। যদিও এই ক্ষেত্রে গোলকিপার মার্ত গুনকের গাফিলতিও কিছু অংশে দায়ী। বিরতির পর তুরস্ককে এগিয়ে দেন ১৯ বছরের গুলের।
রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকটি গোল রয়েছে তাঁর নামের পাশে। ৬৫ মিনিটে তিনি যে শটে তুরস্কের দ্বিতীয় গোলটি করেন তা ঠেকানো সম্ভব ছিল না জর্জিয়া গোলকিপারের পক্ষে। এরপর জর্জিয়া আপ্রাণ চেষ্টা চালাতে থাকে সমতা ফেরানোর। পরপর কয়েকটি কর্নারও আদায় করে নেয়। তবে কাজের কাজ হয়নি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ৭ মিনিটের মাথায় তুরস্কের জয়ের ব্যবধান বাড়ান আকতুরকোগলু।
তুরস্ক ও জর্জিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। আজ ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় পর্তুগালের ম্যাচ চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। এরপর শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে তুরস্ক খেলবে পর্তুগালের বিরুদ্ধে। তার ঠিক আগে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে জর্জিয়ার সামনে চেক প্রজাতন্ত্র।












Click it and Unblock the Notifications