Euro Cup 2024: দেমিরালের নির্বাসন মানতে পারছে না তুরস্ক, নেদারল্যান্ডস দ্বৈরথের আগে দলকে তাতাচ্ছেন মন্তেলা
Euro Cup 2024: ইউরো কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে তুরস্ক। ম্যাচ শুরু ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়।
এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল তুরস্ক। উয়েফা তদন্তের পর তুরস্কের নির্ভরযোগ্য ডিফেন্ডার মেদিহ দেমিরালকে দুই ম্যাচে নির্বাসিত করেছে।
দেমিরাল গত মঙ্গলবার অস্ট্রিয়ার বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্য়াচে জোড়া গোল করেছিলেন। সেই ম্যাচ ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নেয় তুরস্ককে। গোল সেলিব্রেট করতে গিয়ে উলফ স্যালুট করেছিলেন দেমিরাল, যার জন্য এই শাস্তির মুখে পড়তে হলো।
তুরস্কের হেড কোচ ভিনসেঞ্জো মন্তেলা সাফ জানিয়েছেন, এই শাস্তি ঘোষণা অন্যায্য, নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। দেমিরাল যে ভঙ্গিমায় গোলটি সেলিব্রেট করেছিলেন তার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। তাঁকে বুঝতে ভুল করা হয়েছে।
উল্লেখ্য, উলফ স্যালুটের ভঙ্গিমা গ্রে উলভসের সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ। বেশ কয়েকটি দেশে উলফ স্যালুট নিষিদ্ধ। ফলে বিতর্কে জড়ান দেমিরাল। যদিও দেমিরালের এই শাস্তিতে তাঁরা দমছেন না বলে জানিয়েছেন তুরস্কের কোচ। তিনি বলেন, তুরস্কের গৌরবকে এভাবে থামানো যাবে না। আমরা আরও উদ্দীপ্ত ও গর্বের সঙ্গে মাঠে নামব।
তুরস্কের হেড কোচের কথায়, আমরা দেশকে গর্বিত করতে চাই। সকলেই খুব মোটিভেটেড হয়েই মাঠে নামবেন। ফ্যানেরাও দলকে আরও আবেগ দিয়ে সমর্থন করবেন বলে বিশ্বাস মন্তেলার। হোটেল থেকে স্টেডিয়াম, স্টেডিয়াম থেকে হোটেল- যেভাবে সমর্থকরা দলকে সমর্থন করছেন তাতে আপ্লুত ও অনুপ্রাণিত তুরস্ক শিবির।
২০০৮ সালের ইউরোর পর এই প্রথম তুরস্ক কোনও মেজরের কোয়ার্টার ফাইনালে উঠেছে। সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, ইউরো বা বিশ্বকাপ মিলিয়ে চতুর্থবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তারা। কেনান ইলদিজ ও আরদা গুলেরের মতো টিনএজারদের তিনটি করে ম্যাচে খেলিয়েছেন মন্তেলা। যার মাধ্যমে ২০২০-র ইউরোয় স্পেনের রেকর্ড স্পর্শ করেছে তুরস্ক।
কথায় আছে তরুণ তুর্কি। বাস্তবে ইউরোয় তারুণ্যের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে তুরস্ক দলে। গুলের নজর কেড়েছেন। তুরস্কের গর্বের কথা মাথায় রেখে তাঁর দল মাঠে নিজেদের সেরাটা দেবে বলে আশাবাদী মন্তেলা। তবে আবেগ যাতে প্রতিবন্ধকতা তৈরি না করে, সে বিষয়েও সতর্ক তিনি।
মন্তেলার দাবি, সবচেয়ে কম গড় বয়স তাঁর দলেরই। ফলে এই ধরনের ম্যাচে আবেগ ফ্যাক্টর হয়। দলে এমন সিনিয়র ফুটবলার রয়েছেন যাঁরা এই ধরনের ম্য়াচ খেলেছেন। তাঁরা পুরোদমে প্রস্তুত, বাকিদের চেয়ে প্রস্তুতির নিরিখে কিছুটা এগিয়েও থাকবেন। তবে যেহেতু দলে অনেক তরুণ ফুটবলার রয়েছেন, তাতে অফুরান প্রাণশক্তি দিয়েই বাজিমাত চাইছেন মন্তেলা।













Click it and Unblock the Notifications