Euro Cup 2024: ইউরো কাপ ফাইনাল এখনও গোলশূন্য! খেলতে নেমেই পেলের রেকর্ড ভাঙলেন স্পেনের ইয়ামাল
Euro Cup 2024: ইউরো কাপের ফাইনালে খেলতে নেমেই পেলের আরও একটি রেকর্ড ভেঙে দিলেন স্পেনের লামিনে ইয়ামাল। আজ বার্লিনে চলছে ইউরো ফাইনাল।
স্পেনের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। লা রোখা উইঙ্গার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ বা ইউরো ফাইনাল খেলার নজির গড়লেন।
স্পেনের সামনে ২০১২ সালের পর আজ ফের ইউরো কাপ জয়ের হাতছানি। ইংল্যান্ড ইউরো ফাইনাল খেলছে টানা দু-বার। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর আর কোনও মেজর টুর্নামেন্ট (বিশ্বকাপ বা ইউরো কাপ) খেতাব জিততে পারেনি থ্রি লায়ন্স। এখনও প্রথমার্ধে কোনও দল গোল করতে পারেনি।
ইউরো ফাইনালে প্রথম একাদশেই রয়েছেন ইয়ামাল। বার্সেলোনার এই ফুটবলার চলতি ইউরো কাপে তিনটি অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেছেন। আজ তাঁর বয়স ১৭ বছর ১ দিন। ১৬ বছর বয়সে ইউরো কাপে নেমে একাধিক নজির গড়ে প্রতিপক্ষের ভাবনার কারণ হয়ে উঠেছেন ইয়ামাল।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলার দিন পেলের বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। ব্রাজিলীয় কিংবদন্তি পেলে সেই ফাইনালে নেমেছিলেন সুইডেনের বিরুদ্ধে। সর্বকনিষ্ঠ হিসেবে মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলার সেই রেকর্ড ভাঙল এত বছর পর। ভাঙলেন ইয়ামাল, যাঁকে ইতিমধ্যেই ভবিষ্যতের সম্ভাব্য নক্ষত্র মানছেন অনেকেই।
সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তাঁর গোলেই সমতা ফিরিয়েছিল স্পেন। আজ ফাইনালে নামার আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বলেছেন, ইয়ামালকে সামলানো সহজ হবে না। ইয়ামাল আবার তাঁর মাকে বলেছেন, স্পেন ইউরো কাপ জিতলে তাঁর আর জন্মদিনের উপহার লাগবে না।
ইউরো কাপের ইতিহাসে ইয়ামালের চেয়ে বেশি অ্যাসিস্ট স্পেনের কোনও ফুটবলার করেননি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মেজর ফাইনাল খেলছেন ইয়ামাল। তাঁর দলের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তেও নজির গড়লেন। সবচেয়ে বেশি বয়সের ম্যানেজার (বা হেড কোচ) হিসেবে ইউরো ফাইনাল দল নামানোর নিরিখে তিনি রইলেন তৃতীয় স্থানে।
২০০৮ সালে স্পেন ইউরো ফাইনাল খেলার দিন ম্যানেজার লুইস আরাগোনাসের বয়স ছিল ৬৯ বছর ৩৩৭ দিন। ২০০৪ সালে গ্রিস ইউরো ফাইনাল খেলেছিল, সেই দলের প্রশিক্ষক ওত্তো রেহাগেলের বয়স সেদিন ছিল ৬৫ বছর ৩৩০ দিন। ফুয়েন্তের আজ বয়স ৬৩ বছর ২৩ দিন।
আরাগোনেস ও রেহাগেলের প্রশিক্ষণাধীন দল ইউরো কাপে সংশ্লিষ্ট বছরে চ্যাম্পিয়ন হয়। আজ ফুয়েন্তের দল সব ম্যাচ জিতে ইউরো চ্যাম্পিয়ন হতে পারে কিনা তা স্পষ্ট হবে কিছুক্ষণের মধ্যেই। ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ জিতেছিল স্পেন।
এই প্রথম ইউরো কাপের ফাইনালে খেলছেন দুই টিনএজার। ইয়ামালের পাশাপাশি শুরু থেকেই খেলছেন ইংল্যান্ডের মিডফিল্ডার কোব্বি মাইনু। মাইনুর বয়স ১৯ বছর।













Click it and Unblock the Notifications