Euro Cup 2024: ইউরো কাপে আজই ফাইনাল! জার্মানি দ্বৈরথের আগে স্পেন শিবিরে কেন এই ভাবনা?
Euro Cup 2024: ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ স্পেনের সামনে জার্মানি। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচটি।
স্টুটগার্ট অ্যারেনায় ইউরোপীয় ফুটবলের দুই শক্তিধর দেশের দ্বৈরথের আগে স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করছেন, এই ম্যাচটি ফাইনালের সমতুল্য।
চলতি ইউরো কাপে একমাত্র দেশ হিসেবে এখনও অবধি চারটি ম্যাচের চারটিতেই জিতেছে স্পেন। গ্রুপ বি-তে ছিল স্প্যানিশ আর্মাডা। গ্রুপ এ থেকে জার্মানি ৭ পয়েন্ট সংগ্রহ করে শেষ ষোলোয় গিয়েছিল। সেখানে হারায় ডেনমার্ককে।
রেকর্ড চতুর্থবার ইউরো কাপ জেতার লক্ষ্য রয়েছে দুটি দলেরই, যদিও একটি দল আজ বিদায় নেবে। এই ম্যাচ যারা জিতবে ফাইনাল জেতার ক্ষেত্রে তাদের মনোবল অনেকটাই বেড়ে যাবে। স্প্যানিশ কোচ ফুয়েন্তের আশা, আজকের ম্যাচ ২০০৮ সালের ফাইনালের পুনরাবৃত্তি হবে। যেখানে লা রোখা বাহিনী ১-০ গোলে হারিয়েছিল জার্মানিকে। গোল করেছিলেন ফার্নান্দো তোরেস।
ফুয়েন্তের কথায়, এই ম্যাচটি ইউরো ফাইনাল হওয়ার মতো। শক্তির নিরিখে দুই দলই তুল্যমূল্য জায়গায় রয়েছে। জার্মানি খুব শক্তিশালীভাবেই শুরুটা করে। আমাদের তার মোকাবিলা করতে হবে। প্রথম মিনিট থেকেই অল-আউট ঝাঁপাতে হবে। ফুটবলাররা যে এককাট্টাভাবে মাঠে নিজেদের মেলে ধরছেন তা আত্মবিশ্বাসী রাখছে ফুয়েন্তেকে।
ফুয়েন্তে বলেছেন, আমার ফুটবলাররা সেরা। আমরা পুরোপুরিভাবে প্রস্তুত। জেতার লক্ষ্যেই নামব। সকলেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও ফোকাসড। এদিনের দলে তেমন পরিবর্তন না করারই ইঙ্গিত দিয়েছেন স্পেনের হেড কোচ।
ফুয়েন্তে অবশ্য মানছেন না এই ম্যাচ যারা জিতবে তাদের খেতাব জয়ের সম্ভাবনা বাড়বে বলে। তিনি বলেন, অন্যান্য শক্তিধর দেশও রয়েছে। টুর্নামেন্ট যত এগিয়ে যাবে ততই সেরা দলগুলি টিকে থাকবে। যারা জিতবে গ্রেট টিম হিসেবেই জিতবে। আবার ফুটবলে অনেক সময় সেরা দলকেও হঠাৎ থমকে যেতে হয়, এটাও মাথায় রাখতে হবে। যদিও নিজের দলকে খেতাব জয়ের বড় দাবিদার বলেই মানছেন ফুয়েন্তে।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে দানি কারভাহাল বলেন, খুব ভালো অনুভূতি রয়েছে। সতীর্থরাও সকলেই রিল্যাক্সড। জার্মানিকে হারাতে গেলে আমাদের খুব ভালো খেলতে হবে। দলের মতো আত্নবিশ্বাস ও অফুরান প্রাণশক্তি দেখতে পাচ্ছি। আপাতত ম্যাচ ফিফটি-ফিফটি বলেই মনে করছেন তিনি।
কারভাহাল বলেন, জার্মানি দলেও বিশ্বমানের ফুটবলাররা রয়েছেন। ফাস্ট উইঙ্গার থেকে শক্তিশালী সেন্টার-ব্যাক। জার্মান ফুটবলাররা বল নিজেদের দখলে রাখতে পছন্দ করেন। অনেকটা আমাদের মতোই। ফলে প্রতিপক্ষকে কীভাবে চেপে ধরা যাবে সেই ভাবনাই রয়েছে স্পেন শিবিরে। গোলও যে সহজে আসবে না, বুঝতে পারছে স্প্যানিশ আর্মাডা। ম্যাচের আগে তাই জার্মান দুর্গ ভাঙার স্ট্র্যাটেজিই ঠিক করছেন ফুয়েন্তে।













Click it and Unblock the Notifications