Euro Cup 2024: নাটকীয় জয়ে ইউরো কাপের শেষ চারে স্পেন, ছিটকে গেল জার্মানি
Euro Cup 2024: ইউরো কাপ থেকে বিদায় নিল আয়োজক জার্মানি। স্টুটগার্ট অ্যারেনায় নাটকীয় জয় ছিনিয়ে নিল স্পেন। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।
দানি ওলমোর গোলে প্রথমে স্পেন এগিয়ে যায়। ৮৯ মিনিটে ফ্লোরিয়ান ওয়ার্টজের গোলে সমতা ফেরায় জার্মানি। এরপর অতিরিক্ত সময়ে, ম্যাচের ১১৯ মিনিটে জয়সূচক গোল মিকেল মেরিনোর।

ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। চোট পেয়ে পেদ্রি ৮ মিনিটের মাথায় বেরিয়ে যেতেই সমস্যা বাড়ে স্পেনের। তাঁর পরিবর্ত হিসেবে মাঠে নামেন দানি ওলমো। প্রথমার্ধে স্পেনের তুলনায় জার্মানিই বেশি সুযোগ তৈরি করেছিল। কাই হাভের্ৎজ একাই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন।
৫১ মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেন ওলমো। ইয়ামাল বক্সে যে নীচু পাস বাড়িয়েছিলেন তা জালে জড়াতে কোনও ভুল করেননি সুযোগসন্ধানী ওলমো। এরপর ক্রমাগত স্প্যানিশ রক্ষণে চাপ বাড়াতে শুরু করে জার্মানি। গোল শোধের মরিয়া প্রয়াস চালাতে থাকে।
৭০ মিনিটে রবার্ট আনড্রিখের দারুণ প্রয়াস রুখে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমোন। খেলার সময় যত এগিয়ে যাচ্ছিল ততই মরিয়া হয়ে উঠছিল জার্মানি। স্পেন সেই সময় কিছুটা রক্ষণাত্মক পন্থা নিতে কার্যত বাধ্য হয়। লাগাতার আক্রমণের সুফল মেলে।
পরিবর্ত হিসেবে নামা ফ্লোরিয়ানের গোলে জার্মানি সমতা ফেরায়। মাক্সিমিলিয়ান মাটেলস্টাটের ক্রস ধরে তা জোশুয়া কিমিচ পাঠান ওয়ার্টজকে। তিনি গোল করেন। অতিরিক্ত সময়েও কোনও দলই আর গোল করতে পারেনি।
যদিও কারভাহাল ১০০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখতেই নিশ্চিত হয়ে যায় স্পেন পরের রাউন্ডে গেলে তিনি আর খেলতে পারবেন না। ১১৯ মিনিটের মাথায় মেরিনোর গোল ম্যাচ পেনাল্টি শ্য়ুটআউটে যেতে দিল না। ওলমোর পারফেক্ট ক্রসে মাথা ছুঁইয়ে স্পেনের জয়সূচক গোলটি করেন তিনি। অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমের শেষ লগ্নে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কারভাহাল।
ম্যাচের সেরা হয়েছেন ওলমো। এই প্রথম জার্মানি ইউরো কাপের কোনও কোয়ার্টার ফাইনালে পরাস্ত হলো। অন্যদিকে, এদিনের জয় সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়াল স্পেনের। ইউরো কাপে এই নিয়ে স্পেনের নবম ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে, যার মধ্যে সপ্তম জয় পেল তারা।












Click it and Unblock the Notifications