Euro Cup 2024: তোরেসের গোলে তিনে তিন! আলবেনিয়াকে হারিয়ে শীর্ষে থেকেই শেষ ষোলোয় স্পেন
Euro Cup 2024: ইউরো কাপে গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করেই শেষ ষোলোয় পৌঁছে গেল স্পেন। তিন ম্যাচের তিনটিতেই জয়লাভ করে। শেষ ম্যাচে আলবেনিয়াকে হারাল ১-০ গোলে।
ডুসেলডর্ফে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। স্পেন রাউন্ড অব সিক্সটিনে গেল কোনও ম্যাচে গোল হজম না করেই।
বৃহস্পতিবার ইতালির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল লা রোখা। সেই ম্যাচের প্রথম একাদশে দশটি পরিবর্তন করেছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর মধ্যে অন্যতম তোরেস। দানি অলমোর থ্রু বলকে ফার্সট টাইম ফিনিশে জালে জড়িয়ে ১৩ মিনিটে স্পেনকে এগিয়ে দেন তোরেস।
ফুয়েন্তে স্পেনের কোচ হওয়ার পর তোরেস দেশের হয়ে পঞ্চম গোল করলেন, এ ছাড়াও তাঁর নামের পাশে রয়েছে দুটি অ্যাসিস্ট। ২০০৮ সালে ইউরো কাপ জিতেছিল স্পেন। সেবারও গ্রুপ পর্বের সব ম্যাচেই জিতেছিল তারা। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যান বাড়তি প্রেরণা দেবে স্প্যানিশ আর্মাডাকে।
তোরেস ম্যাচের পর বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। কোচ যা সুযোগ দেবেন তার পূর্ণ সদ্ব্যবহার করাই আমার লক্ষ্য। তা সে গোল হোক, অ্যাসিস্ট কিংবা প্রয়োজনে রক্ষণাত্মক খেলা। স্পেন দলের ইতিহাস গড়ার অংশ হতে চাই। সামনের ম্যাচে কাদের বিরুদ্ধে খেলতে হবে সেটা না ভেবে, নিজের ধারাবাহিকতা বজায় রাখতে চান তোরেস।
তোরেসের কথায়, আমাদের দল খুবই ভালো। সকলেই কঠোর পরিশ্রম করছেন। কোচ সকলকেই তাতিয়ে রেখেছেন। নিজের গোল প্রসঙ্গে তোরেস বলেন, এমন পাস বাড়ানো নিয়ে ম্যাচের আগেই অলমোর সঙ্গে কথা হয়েছিল। এমন পাস পেয়ে গেলে দ্বিতীয়বার ভাবি না।
ক্রোয়েশিয়া ও ইতালিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা আলবেনিয়াকে তারাও যে হাল্কাভাবে নেননি তা জানিয়েছেন স্পেনের মিডফিল্ডার মাইকেল মেরিনো। তাঁর কথায়, পরবর্তী প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। শক্ত প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হবেই। প্রতিপক্ষ যে-ই হোক, সেরা হতে গেলে সেরাদের বিরুদ্ধেই খেলতে হবে।
গোলকিপার ডেভিড রায়া বলেন, দল হিসেবে আমরা দারুণ খেলছি। আলবেনিয়ার সামনে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম। তারা সুযোগ তৈরি করেছে। তিন পয়েন্ট ওদের দরকার ছিল। তিনটি ম্যাচ জেতার অনুভূতি খুবই ভালো। আমরা গোল পেতেই আলবেনিয়া সমস্যায় পড়ে যায়।













Click it and Unblock the Notifications