Euro Cup 2024: জন্মদিনে ইয়ামালের চোখ ইউরো কাপ জয়েই, ইংল্যান্ডকে হারাতে স্পেনের করণীয় কী?
Euro Cup 2024: বার্লিনে অলিম্পিয়াস্টাডিয়নে কাল ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় ইউরো কাপের ফাইনালে খেলতে নামছে স্পেন ও ইংল্যান্ড। চলতি ইউরো কাপে সমস্ত ম্যাচেই জয় পেয়েছে স্প্যানিশ আর্মাডা।
লুইস দে লা ফুয়েন্তের দলের হয়ে এবারের ইউরোয় নজর কেড়েছেন লামিনে ইয়ামাল। প্রথমে তিনটি অ্যাসিস্ট, তারপর অনবদ্য গোলের মাধ্যমে জাত চিনিয়েছেন ইয়ামাল।

ইয়ামালের আজ জন্মদিন। ১৭ বছর পূর্ণ করলেন। এরই মধ্যে পেলের নজির ভাঙা-সহ একঝাঁক রেকর্ড এককভাবে কিংবা যুগ্মভাবে দখলে নিয়েছেন। জন্মদিনের পরদিনই ইউরো কাপ ফাইনাল। ফলে কাপ জেতাই তাঁর জন্মদিনের সেরা উপহার হবে বলে উপলব্ধি ইয়ামালের।
জার্মানিকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর সেমিফাইনালে ফ্রান্সকে পরাস্ত করেছে স্পেন। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্পেন। ফ্রান্সের কাছে পিছিয়ে পড়ার পর যেভাবে তারা কামব্য়াক করেছে তাতে স্পেনকেই এবার খেতাব জয়ের বড় দাবিদার বলে ধরছেন বিশেষজ্ঞরা।
ইয়ামাল এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, জার্মানি ও ফ্রান্স ম্যাচে যেভাবে আমরা খেলেছি, সেভাবেই ফাইনালে খেলতে হবে। বল নিজেদের পায়ে রেখে ম্যাচে আগাগোড়া নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। সে কাজে যে স্পেন সেরা এবং কেউ এ কাজের ক্ষেত্রে স্পেনকে থামাতে পারবে না বলেও হুঙ্কার ইয়ামালের।
ইয়ামাল বলেন, বল নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর ক্ষেত্রে স্পেনের সমতুল্য কেউ নয়। আমরা এই কাজটা খুবই ভালোভাবে করছি। একই ধরনের ইচ্ছাশক্তি বজায় রাখতে হবে। ফলে খেলার ধরনে পরিবর্তন না ঘটিয়েই ইউরো কাপ খেতাব জয় সম্ভব বলে মনে করেন ইয়ামাল।
জন্মদিনের প্রাক্কালে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, আমি মাকে বলেছি ফাইনাল জিতলে আমাকে জন্মদিনের উপহার দিতে হবে না। আমি মাদ্রিদে গিয়ে সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করব। আমি জানি, দেশে ফিরে বিমানবন্দর থেকেই প্রচুর সমর্থকের সঙ্গে দেখা হবে। আমরা অভূতপূর্ব আনন্দ-উচ্ছ্বাস নিয়ে ফিরব। ২০১২-র পর ইউরো কাপ আমরা জিতিনি, ফলে এবার জিতলে দারুণ ব্যাপার হবে।
ইউরো কাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে ৩-০, ইতালিকে ১-০ ও আলবেনিয়াকে ১-০ গোলে হারায় স্পেন। রাউন্ড অব সিক্সটিনে জর্জিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জয় ছিনিয়ে নেয় ফুয়েন্তের প্রশিক্ষণাধীন স্পেন। কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ও সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্প্যানিশ আর্মাডা ফাইনালে উঠেছে। এই দুটি ম্যাচের ফলাফলই ছিল ২-১।












Click it and Unblock the Notifications